Partha Chatterjee: কয়েক কোটি টাকা লেনদেন! কার কাছে কত? আরও ফেঁসে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
West Bengal Recruitment Corruption Case: নিয়োগ দুর্নীতি মামলায় প্রবল চাপের মুখে পার্থ চট্টোপাধ্যায়। মামলায় আরও একটি সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিল সিবিআই। আজ শুক্রবার ৪০ পাতার একটি নথি আইনজীবী মারফত আদালতে জমা দিয়েছে। যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের নামও আছে।
এছাড়াও পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের নামও আছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর পার্থ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরে তদন্তকারীদের স্ক্যানারে ছিল ওই ব্যক্তি।

তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, ধৃত এই তৃণমূল নেতা মিডলম্যান হিসাবে কাজ করতেন। চাকরি করিয়ে দেওয়ার নামে কোটি কোটি তুলতেন। আর তা পার্থ চট্টপাধ্যায়ের হাতেও পৌঁছে যেত বলে ইতিমধ্যেই জানতে পেরেছে সিবিআই।
এমনকি পুর নিয়োগ কেলেঙ্কারির সঙ্গেও যুক্ত ধৃত অয়ন শীলের সঙ্গেও এই তৃণমূল নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, আদালতে এদিন সিবিআই যে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে তাতে কীভাবে নিয়োগে কেলেঙ্কারি ঘটত এবং দুর্নীতির বিপুল টাকা একে অপরের কাছে পৌঁছে যেত তা উল্লেখ করা আছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, পুরো দুর্নীতির কিংপিন হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলা হয়েছে বলেও খবর।
ফলে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী যে আরও বিপাকে পড়তে চলেছে তা কার্যত স্পষ্ট। অন্যদিকে নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইডির মামলায় এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সেই মামলায় গতকাল বৃহস্পতিবার ইডি জানায়, অর্পিতা মুখোপাধ্যায় যে দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে তা আসলে পার্থ চট্টোপাধ্যায়ের।
আর তা জেরাতে শিকারও করেছেন বান্ধবী অর্পিতা। শুধু তাই নয়, তাঁর নাম ব্যবহার করে এবং একাধিক অ্যাকাউন্ট খুলে কীভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তাও আদালতের সামনে তুলে ধরেন ইডির আইনজীবী।
পাশাপাশি দুর্নীতির কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো সংস্থা খোলা হয়েছে বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একের পর এক চাঞ্চল্যকর এই তথ্যে প্রবল চাপে তৃণমূলের প্রাক্তন মহাসচিব। যদিও নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications