CV Ananda Bose: হিংসা-বিধ্বস্ত মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল, মমতার 'অনুরোধ উপেক্ষা' করেই রাতারাতি রওনা
CV Ananda Bose: মুর্শিদাবাদে হিংসায় ঘরছাড়া হয়েছেন বহু পরিবার। দুর্গতদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর আগামিকাল শুক্রবারই মুর্শিদাবাদ ও মালদহে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিতে পারেন রাজ্যপাল। শুক্রবার হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। বেতবোনা গ্রামেও পরিদর্শনে রাজ্যপাল যেতে পারেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক বৈঠকে সিভি আনন্দ বোস জানান, মুর্শিদাবাদে যদি সত্যিই শান্তি ফিরে আসে, তাহলে তার থেকে ভালো খবর কিছু হতে পারে না। তবে সেখানের পরিস্থিতি সরেজমিনে দেখতে চান রাজ্যপাল।

গ্রাউন্ড জিরোয় গিয়ে সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি স্পষ্টতই জানান, "আমি একান্তই ব্যক্তিগত উদ্যোগে যাব। গোটা ঘটনার বাস্তবচিত্র চাক্ষুষ করতে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এহেন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের আরও কড়া পদক্ষেপ নিতে হবে। মুর্শিদাবাদের মানুষ সেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চেয়েছেন। তাও খতিয়ে দেখা হবে।"
রাজ্যপাল স্পষ্টতই জানান, এধরনের পরিস্থিতিতে আবেগে ভাসলে চলে না। এদিকে রাজ্যপালকে মুর্শিদাবাদে না যেতে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখনই যাতে রাজ্যপাল না যান, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অনুরোধ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, "শান্তির পরিবেশ ফিরে এসেছে। আগে মানুষের আস্থা ফিরুক। রাজ্যপালকে আবেদন করব। কিছুদিন অপেক্ষা করুন। আমিও যেতে পারতাম। যাচ্ছি না কেন? ঠিক সময়ে যাব।"
প্রসঙ্গত, এদিন রাজ্যপালের সঙ্গে মুর্শিদাবাদের ঘরছাড়াদের সাক্ষাৎ করিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "পুলিশের সামনেই এদের ঘর লুট হয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন। এর দায় কার? পুলিশের গোয়েন্দা বিভাগ বলে কিছু তো ছিল, তারা কী করছিল? এতদিন ধরে যদি অশান্তির ছক কষা হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রীর গোয়েন্দা বিভাগ কী করছিল? ওয়েব সিরিজ বানাচ্ছিল? নাকি বসে বসে ফ্যাক্ট চেক করছিল?"












Click it and Unblock the Notifications