ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দফতর বকেয়া ডিএ (Dearness Allowance) প্রদানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। পূর্বের দুই কিস্তিতে প্রদানের ঘোষণার বদলে, এখন ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত জমে থাকা সমস্ত বকেয়া ডিএ একবারে প্রদান করা হবে। আগামী ৩১ মার্চের মধ্যেই এই অর্থ প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
চাকরিরত কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং ফ্যামিলি পেনশনভোগী সবাই এই এককালীন ডিএ-র সুবিধা পাবেন। অর্থ দফতর আরও জানিয়েছে, গ্রুপ এ, বি ও সি ক্যাটেগরির কর্মীদের প্রাপ্য ডিএ তাদের জিপিএফ (GPF) অ্যাকাউন্টে জমা হবে। অন্যদিকে, গ্রুপ ডি ক্যাটেগরির কর্মী এবং সকল পেনশনভোগীদের ডিএ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে।

ডিএ প্রদানের এই সিদ্ধান্তের পর অর্থ দফতর গত সপ্তাহে একটি বিশেষ পোর্টাল চালু করে। এই পোর্টালে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া ডিএ-র সঠিক অঙ্ক জানতে পারবেন। তবে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ অভিযোগ করেছে, ডিএ প্রদানের পদ্ধতি এবং টাকার পরিমাণ নিয়ে এখনও কিছু প্রশ্ন অমীমাংসিত রয়েছে।
বকেয়া ডিএ সংক্রান্ত এই জটিল কাজ দ্রুত সম্পন্ন করতে অর্থ দফতরের অ্যাকাউন্টস ব্রাঞ্চ শনি ও রবিবার খোলা রাখার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকী স্বরাষ্ট্র দফতরও (হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স) ডিএ বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য অ্যাকাউন্টস ব্রাঞ্চকে বিশেষ নির্দেশ দিয়েছে, যা এই পদক্ষেপের গুরুত্ব বাড়িয়ে তুলেছে।












Click it and Unblock the Notifications