মা ক্যান্টিনে হাজির মুখ্যমন্ত্রী, পরিবেশনের ফাঁকে কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে
লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় তোপের মুখে রাজ্য সরকার। প্রশাসনিক পদক্ষেপেও ক্ষোভ প্রশমিত হচ্ছে না। চাপ বাড়াচ্ছে বিরোধীরা।
এরই মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এসএসকেএম হাসপাতালের 'মা ক্যান্টিনে' আচমকা পরিদর্শনে চলে যান। তিনি ব্যবসায়ীদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন নেতাজি ইনডোরে। তার আগে মা ক্যান্টিনে নিজে হাতে প্রবীণ নাগরিক-সহ সুবিধাভোগীদের খাবার পরিবেশন করলেন মমতা।

ক্যান্টিনের কার্যকারিতা-পরিষেবার মান সম্পর্কেও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত প্রবীণরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ও খাবার পেয়ে তাঁকে আশীর্বাদ জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে 'মা ক্যান্টিন' প্রকল্প শুরু হয়।
এই প্রকল্পে মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি-সহ দুপুরের খাবার দেওয়া হয়। প্রকল্পটি চালুর পর থেকে রাজ্যজুড়ে বিস্তৃত হয়েছে। চলতি বছরের শুরুতে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় জানান, ৩৩টি জেলায় 'মা ক্যান্টিন' চালু। জানা গিয়েছে, এই প্রকল্পে সরকার এ পর্যন্ত প্রায় ১২৯ কোটি টাকা ব্যয় করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি মাসে প্রায় ২১ লক্ষ মানুষ 'মা ক্যান্টিনের' সুবিধা নেন। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৭.২৯ কোটি মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন।












Click it and Unblock the Notifications