পরপর দুটি দুর্ঘটনা কলকাতায়! বাইপাসে মৃত্যু বাইক আরোহীর, রেড রোডে ল্যাম্পপোস্টে ধাক্কা গাড়ির, আহত বাবা-ছেলে
কলকাতায় পরপর দুটি পথ দুর্ঘটনা শহরজুড়ে উদ্বেগ বাড়াল। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসের কাছে দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় এক যুবকের। আবার বুধবার সকাল সকাল রেড রোডে একটি গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে, তারপরে আরেকটি গাছে। ফলে দু'জনই গুরুতরভাবে আহত হন। জানা গিয়েছে একজন পথচারীও আঘাত পেয়েছেন।

সূত্র অনুসারে জানা গিয়েছে যে, মঙ্গলবার প্রায় রাত ২টো নাগাদ কালিকাপুরের কাছে এক যুবক বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁর নাম অলোকেশ হালদার। ঢালাই ব্রিজ দিক থেকে রুবি মোড়ের দিকে আসার সময়ই ঘটে যায় বিপত্তি। প্রথমে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে তাঁর বাইক জোরে ধাক্কা দেয়। তারপর সেটি ডিভাইডারে গিয়ে লাগলে প্রচণ্ড আঘাতে ওই ব্যক্তি ছিটকে রাস্তায় পড়ে যান। তাড়াতাড়ি করে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের মতে, বাইকটির গতি অনেক বেশি ছিল এবং ওই ব্যক্তির মাথায় হেলমেটও ছিল না। যে কারণে মাথায় মারাত্মক চোট লাগে।
অন্যদিকে, আজ সকালে আবার রেড রোডে ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি হঠাৎ করে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। পরে আরেকটু এগিয়েই গাড়িটি আবার একটি গাছে ধাক্কা মারে। সংঘর্ষের কারণে গাড়ির সামনের অংশ পুরো ভেঙে গিয়েছে। গুরুতর আহত দু'জনকে উদ্ধার করে তাড়াতাড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।












Click it and Unblock the Notifications