তৃণমূলের 'নব জোয়ারে' ২ মাসের কর্মসূচি! ২৫ এপ্রিল থেকে শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা
পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। ২৫ এপ্রিল থেকে নিজের জনসংযোগ যাত্রা তৃণমূলের নব জোয়ার শুরুর কথা জানিয়ে ফের একবার এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এবার তৃণমূল পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে সাধারণ মানুষের মতামত নেবে।
২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে পরবর্তী দুমাস ধরে। কর্মসূচি শুরু হবে কোচবিহারের দিনহাটায়। ২৪ জুন তা শেষ হবে সাগরে। দুমাস তিনি নিজেই রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন কর্মিসভা থেকে জনসভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করবেন তিনি। গরমে কষ্ট হলেও, কিছু বদলাতে গেলে কিছু কষ্ট তো হবেই।

প্রতিদিন কর্মসূচির মধ্যে থাকবে পঞ্চায়েত নিয়ে মিটিং। আট-দশটি পঞ্চায়েতকে নিয়ে এই মিটিং হবে। প্রতিদিন তিন-চার-পাঁচটি করে জনসভা হবে। সাড়ে তিনহাজার কিমির যাত্রায় আড়াইশোর বেশি জনসভা করবে তৃণমূল। দিনের শেষে পরে বুথ সভাপতি, এলাকার সমাজ সেবকদের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপর গোপন ব্যালটে সেখানকার সম্ভাব্য প্রার্থীদের নাম জানতে চাওয়া হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পঞ্চায়েত হল শিড়দাঁড়া। গত ৯-১০ বছর সাংসদ থেকে তিনি পঞ্চায়েতের গুরুত্ব বুঝেছেন। তিনি বলেছেন, দেশে প্রথমবার পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে মানুষের মতামত নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী জয়ের ওপরে উঠে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

পঞ্চায়েতের প্রার্থীকে শীত, গ্রীষ্ম, বর্ষা মানুষের কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই প্রায় সাত হাজার গ্রামীণ বুথে এবার তৃণমূলের প্রার্থী ঠিক করা হবে। সেই জন্যই জনসংযোগ যাত্রার নাম দেওয়া হয়েছে নব জোয়ার, বলেছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি ভারত জোড়ো যাত্রার মতো পদযাত্রা করবেন না। তিনি বলেছেন, উন্নয়নের নিরিখে ভোট হবে। ধর্ম কিংবা ৫৬ ইঞ্চি ছাতির নিরিখে ভোট হবে না, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই কর্মসূচিকে সফল করতে বাংলার মানুষের আশীর্বাদ প্রার্থনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, সিপিএমের সময়ে রক্তস্নাত পঞ্চায়েত ভোট হতো। যদিও এখানে তিনি ২০১৮-র পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করেননি।












Click it and Unblock the Notifications