হামলার পিছনে তৃণমূলের গুন্ডারা, RG করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের পরে এবার বিস্ফোরক তাঁদের আইনজীবী
আরজি কর নিয়ে তোলপাড় রাজ্য তথা গোটা দেশ। রবিবার আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন। আর এদিন তৃণমূলকে নিশানা করলেন তাঁদের আইনজীবী।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের বাবা-মায়ের আইনজীবী বিকাশ ভট্টাচার্য এদিন ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে হামলা -ভাঙচুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছেন।

- সাধারণ মানুষের মধ্যে গুণ্ডা ঢুকিয়েছে তৃণমূল
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিকাশ ভট্টাচার্য বলেছেন, শাসক তৃণমূল কংগ্রেস চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জড়ো হওয়া মানুষজনের মধ্যে গুণ্ডা ঢুকিয়ে দিয়েছে। সেই গুণ্ডারা বিক্ষোভকারীদের ভয় দেখাতে ও ছত্রভঙ্গ করতে এবং প্রমাণ নষ্ট করতে সরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ এখনও পর্যন্ত ভাঙচুরের ঘটনায় যে ৩৭ জনকে গ্রেফতার করেছে, তাদের মধ্যে বেশ কিছু তৃণমূল কর্মী রয়েছে, এমনটাই খবর সূত্রের।
- বিরোধীদের দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী
তবে ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলার পিছনে বিজেপি ও সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই রয়েছে বলে অভিযোগ করেছিলেন। যদি বিজেপি কিংবা সিপিআইএম ভাঙচুরের ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
- কলকাতা পুলিশের পদক্ষেপের নিন্দা
আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্ত প্রথমে শুরু করেছিল কলকাতা পুলিশ। এব্যাপারে বিকাশ ভট্টাচার্য বলেন, হাসপাতাল প্রথমে চিকিৎসকের বাবা-মাকে বলেছিল তাঁদের মেয়ে অসুস্থ। আধঘণ্টা পরে বলা হয় সে আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে, সেখানে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত চিকিৎসকের দেহ দ্রুত দাহ করার চেষ্টা করা হয়েছিল। কারণ এই ধরণের ক্ষেত্রে মৃতদেহ গুরুত্বপূর্ণ প্রমাণ। মৃত চিকিৎসকের বাবা-মাও সংবাদ মাধ্যমকে একই কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন, শ্মশানে অন্য মৃতদেহ টপকে তাঁদের মেয়ের দেহকে আগে দাহ করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications