বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের গাড়ি তল্লাশির আশঙ্কা ও প্রতিবাদে মঙ্গলবার সরব হয়েছিল রাজ্যের শাসকদল। এর সূত্র ধরে এদিন বুধবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে তারা জানিয়েছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করা হচ্ছে এবং আধিকারিকেরা পক্ষপাতমূলক আচরণ করছেন। প্রকাশ করা হয়েছিল বেশ কিছু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, যদিও ওয়ানইন্ডিয়া বাংলা তার সত্যতা যাচাই করেনি।
কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূল আরও উল্লেখ করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রীর বিরুদ্ধে মানহানিকর, ভিত্তিহীন ও অমূলক অভিযোগ ছড়ানো হচ্ছে। তাদের দাবি, এমন পদক্ষেপ নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের প্রতি জনমানসের বিশ্বাস ক্ষুণ্ণ করবে।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে প্রকাশ করা স্ক্রিনশটগুলিতে স্পষ্ট নির্দেশ ছিল, 'মুখ্যমন্ত্রীকে বাদ রেখে, নিরাপত্তা পাওয়া তৃণমূলের সব নেতা-মন্ত্রী এবং অভিষেক ও তাঁর স্ত্রীকেও তল্লাশির আওতায় আনা হোক। তল্লাশির জন্য দলটিতে অতিরিক্ত দুই সেকশন সিএপিএফ এবং একজন এসি অন্তর্ভুক্ত হতে পারেন।’ এই নির্দেশিকা ঘিরেই তৃণমূল প্রতিবাদ জানায়।
ঘাসফুল শিবির দাবি করেছে, কোন কমিশনের আধিকারিক এই নির্দেশ দিয়েছেন, তা তদন্ত করে বের করা হোক। এছাড়াও, নেতা-নেত্রী ও তাঁদের পরিবারের বিরুদ্ধে চক্রান্তের বিষয়টি বিভাগীয় তদন্তের আওতায় আনা এবং অভিযুক্ত আধিকারিকদের ভোটের কাজ থেকে বিরত রাখার আর্জি জানানো হয়েছে।
তবে, প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications