পশ্চিমবঙ্গে বন্যা নিয়ে ‘স্পিকটি নট’ মোদী, কটাক্ষ পার্থর
অসম ও বিহারে বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার হাত বাড়়ানোর আশ্বাসকে কটাক্ষ করলেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
অসম ও বিহারে বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার হাত বাড়়ানোর আশ্বাসকে কটাক্ষ করলেন তৃণমূলের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীর প্রাদেশিক রাজনীতির ঘোর সমালোচনা করেন তিনি। সোমবার পার্থবাবু বলেন, 'এ কেমন প্রধানমন্ত্রী। শুধু যে রাজ্যে বিজেপি ও তার সহযোগীদের শাসন, শুধু তাঁদেরকেই সাহায্যের আশ্বাস। সেই রাজ্যবাসীর প্রতিই সহানুভূতির বার্তা!'
তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন 'একেবারে বিজেপির প্রধানমন্ত্রীর মতো কাজ করেছেন নরেন্দ্র মোদী। তাঁর এই কাজ দেশের মানুষকে লজ্জা দেবে।' তিনি প্রশ্ন তুলেছেন যে রাজ্যে বিজেপি নেই, তাহলে কি সেই রাজ্যে বন্যা হয়নি? নাকি সেই রাজ্যের মানুষ সমস্যায় নেই। এই ঘটনা আদৌ আশাপ্রদ নয় একজন প্রধানমন্ত্রীর কাছে।

উল্লেখ্য, অসম ও বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তাই সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথাও বলেছেন তিনি। সম্প্রতি বিজেপির হাত ধরা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পাশেও দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে নিশ্চুপ তিনি।
কিন্তু বিহার ও অসমের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও যে দু-দফায় বন্যা হল, তাতে কোনও প্রতিক্রিয়া মেলেনি নরেন্দ্র মোদীর। এবার উত্তরবঙ্গজুড়ে প্রবল বন্যা চলছে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, তবু সহযোগিতার আশ্বাস নেই মোদীর। পার্থবাবু বলেন, 'সহযোগিতা তো দূর অস্ত একটিবার সৌজন্য দেখিয়ে সহানুভূতির বার্তাও পাঠাননি প্রধানমন্ত্রী।'
পার্থবাবুর অভিযোগ, 'কেন এই দ্বিচারিতা প্রধানমন্ত্রীর। বিজেপি-র নেতা হলে তিনি বিহার ও অসমের প্রতি দায়বদ্ধ হতে পারতেন। তিনি তো প্রধানমন্ত্রী! তাহলে কেন প্রাদেশিকতার ছোঁয়া তাঁর কথায়! প্রধানমন্ত্রীর মুখে এই বার্তা মানায় না।'












Click it and Unblock the Notifications