পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে কাশীপুরে TMC-এর সঙ্গে সংঘর্ষ! হামলার অভিযোগে প্রতিবাদ মিছিলের ডাক CPIM-এর
খোদ কলকাতায় পার্টি অফিস দখলকে ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ সিপিআইএমের। এদিন দুপুরে এই ঘটনা ঘটে উত্তর কলকাতার কাশীপুরে। তৃণমূলের অভিযোগ দুলাল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হামলা চালিয়েছে সিপিআইএম। অন্যদিকে সিপিআইএমের পাল্টা অভিযোগ তৃণমূলের হামলায় জখম হয়েছেন, মহিলা কমরেড-সহ অনেকে। যে কারণে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা।
সিপিআইএমের অভিযোগ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরেই কাশীপুর সেভেন ট্যাঙ্কস এলাকায় তাদের একটি পার্টি অফিসের দখল নিয়েছিল। এদিন তারা সেই পার্টি অফিসে পতাকা লাগাতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিআইএম কর্মীদের সংঘর্ষ হয়।

সিপিআইএমের আরও অভিযোগ, তৃণমূল সাংসদ শান্তনু সেনের নেতৃত্বে সিপিআইএমে নেতা-কর্মীদের ওপরে হামলা চালানো হয়। এই ঘটনায় দলের মহিলা কমরেড-সহ বহু কমরেড রক্তাক্ত এবং আহত হয়েছেন। এরই প্রতিবাদে এদিন সন্ধেয় কাশীপুর-বেলগাছিয়ায় তিনটি এরিয়া কমিটির উদ্যোগে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় মিছিলের ডাক দেওয়া হয়েছে।
পাল্টা তৃণমূলের অভিযোগ, দুলাল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হামলা চালিয়েছেন সিপিআইএম। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, এলাকার মানুষ জানেন ওই পার্টি অফিস কাদের। গত ১০-১১ বছর ধরে তৃণমূল ওই অফিস ব্যবহার করছে, দাবি করেছেন তিনি। তবে সেই পার্টি অফিস আগে কাদের ছিল, সেব্যাপারে তিনি কিছু বলেননি। একই প্রশ্নের উত্তর দেননি তৃণমূল কাউন্সিলরও।

শান্তনু সেন অভিযোগ করেছেন, জোড়া খুনে জেল খাটা দুলাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিআইএম হার্মাদরা তৃণমূলের পার্টি অফিস দখল করতে গিয়েছিল। তৃণমূলের কর্মীরা বাধা দিলে সিপিআইএম কর্মীরা মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এলাকার মানুষের প্রতিরোধে সিপিআইএমের বাহিনী এলাকা ছাড়ে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত যে এলাকায় এদিন সংঘর্ষের ঘটনা ঘটে তা সিপিআইএমের কাশীপুর-বেলগাছিয়া ৩ এরিয়া কমিটির মধ্যে পড়ে। সেই এড়িয়া কমিটির সম্পাদক দুলাল বন্দ্যোপাধ্যায়ের ভাই রবীন বন্দ্যোপাধ্যায়। দুলাল বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পার্টি অফিসটা তাদেরই। তাই তারা সেটি পুনরুদ্ধারে গিয়েছিলেন।

তবে তাদের ওপরে হামলার অভিযোগ করে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের তরফে এদিন সন্ধেয় কাশীপুর-বেলগাছিয়া এলাকার তিনটি এরিয়া কমিটির উদ্যোগে এলাকায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। এলাকার সব কমরেডজের সেই মিছিলে থাকার অনুরোধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications