ছয় দিনের মধ্যে ভাঙতে হবে বালির বেআইনি নির্মাণ, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বালি পুরসভার বেআইনি নির্মাণ ছয় দিনের মধ্যে ভাঙতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দিলেন পুলিশকে। কোনওভাবে বেআইনি নির্মাণ মেনে নেওয়া যাবে না। পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বেলা ১১ টা থেকেই এই ভাঙার কাজ করতে হবে।
লিলুয়ায় একটি বাড়ির অংশকে নিয়ে সমস্যা। বালি পুরসভার লিলুয়া এলাকায় ২৯৫ বর্গমিটার জায়গায় একটি নির্মাণ হয়েছে। সেটি বেআইনি বলে আদালতে মামলা হয়েছে। এর আগেও ওই নির্মাণ ভাঙার বিষয়ে একাধিকবার আদালতে মামলা হয়েছে। ওই নির্মাণ ভাঙার নির্দেশ হলেও সেটি ভাঙা যায়নি। এবার নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে লিলুয়া থানার ওসি ও ডেভলপার পার্থ ঘোষকে এজলাসে তলব করা হয়। তারা নির্দিষ্ট সময়েই এজলাসে উপস্থিত হন। পার্থ ঘোষ স্বীকার করেছেন বেআইনি নির্মাণের ঘটনা৷ এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ওই নির্মাণ ভেঙে ফেলতে হবে।
আগামী ছয় দিনের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী কাল বেলা ১১ টা থেকেই এই ভাঙার কাজ শুরু করতে হবে। আগামী ২৯ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন এই বিষয়ে পুরসভাকে রিপোর্ট দিতে হবে।
অন্য একটি মামলাতেও বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার খড়দায় একটি ক্লাবঘর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগেই মামলা হয়েছে। খড়দহে 'দানে'র জমি দেখিয়ে বেআইনি ক্লাব নির্মাণ হয়েছে বলে অভিযোগ।
যত দ্রুত সম্ভব ওই ক্লাবঘর ভেঙে দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে'র। বড়বাড়ি যুবক সমিতি নির্মীয়মান ক্লাবঘর ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে রহড়া থানাকে। খড়দহ পুরসভা এলাকার দানের জমির কোনও নথি দেখাতে না পারায় ওই নির্মাণ ভেঙে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই একই জায়গায় মামলাকারী রান্নাঘর বানাচ্ছে। ওই রান্নাঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিক আদালত। এমনই সওয়াল ক্লাবের পক্ষের আইনজীবীর। "ক্লাব মামলাকারীর বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিক। তাহলে ওই রান্নঘর তৈরির ওপর নিষেধাজ্ঞা চাপাবে আদালত।" এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications