Suvendu Adhikari: অভিষেকের 'চুরি'-তে বাধা দিতেই টার্গেট! "তৃণমূল এরকম ছিল না," কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari: নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবারে তৃণমূলের মেগা সমাবেশে অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, শুভেন্দু-মুকুলদের দলে বিশ্বাসঘাতক হিসেবে তিনিই চিহ্নিত করেছিলেন। এপ্রসঙ্গে পাল্টা তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের "চুরি"-তে বাধা দেওয়াতেই তাকে টার্গেট করা হয়েছিল বলে দাবি বিরোধী দলনেতা।
শুভেন্দু বলেন, "চিহ্নিত নয়, টার্গেট করেছিল। কারণ বিনয় মিশ্র, কুন্তুল, শান্তনু, সুজয়কৃষ্ণ ভদ্রদের নিয়ে ও যে চুরির ব্যবসা শুরু করেছিল, তাতে বাধা দিয়েছি।" অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেন, "তৃণমূল এরকম ছিল না। ২০১১ সালের আগে তৃণমূল চেয়েচিন্তে পার্টি চালাত।"

শুভেন্দুর আরও বক্তব্য, "আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়েচিন্তে চালিয়েছি। ২০১৪ সালে সাজানো বাগানে এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড়ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে ৭০ হাজার ভোটে জিতে খেলাটা শুরু করেছেন উনি। প্রায় ৩ হাজার কোটি টাকার মালিক নাবালক ছেলে। চার্টার্ড বিমানে ঘুরে বেড়ায়।"
অভিষেকের জন্যই তৃণমূল ছাড়তে হয়েছে বলে দাবি করলেন শুভেন্দু। "তাঁর কথায়, মমতা ব্যানার্জির চরম তোষণের রাজনীতি ও এই বাছুরটাকে তোলার বিরুদ্ধেই আমার প্রতিবাদ ছিল।" মুকুল রায়কে নিয়ে অভিষেকের 'গদ্দার' মন্তব্য নিয়েও নিশানা শুভেন্দুর। "এই ছোঁড়ার এতটুক মানসিকতা নেই। মুকুল রায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মমতাকে ক্ষমতায় আনার জন্য মুকুলের অনেক অবদান।"
অভিষেককে অলআউট আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছিলেন মুকুল। যে আজকে তাঁকে গদ্দার বলল। নেতাজি ইন্ডোরে বসে শুভ্রাংশু সেটা হজম করল কীকরে। মুকুল রায় নিজে ভাইপোর কাছে যেতে চাননি, শুভ্রাংশু নিয়ে গেছেন ভাইপোর কাছে।"
অভিষেকের মনুষ্যত্ব নেই বলে দাবি শুভেন্দুর (Suvendu Attacks Abhishek)। এরপরই অভিষেককে তাঁর সরাসরি হুঁশিয়ারি, "আমাকে যা খুশি বলুক, ওর পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাব এবং হারাব। কী করতে হয় করব।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার মেগা সমাবেশ থেকে দলের বেসুরোদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, "দলের অনেকে সংবাদমাধ্যমে ভেসে থাকার জন্য শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিধায়ক, মুখপাত্র, সাংসদ হিসেবে কত ক্ষমতা দেখাতে এসব করতে গিয়ে দলকে ছোট করেছেন। ভালোই করেছেন, এদের চিহ্নিত করে ল্যাজে গোবরে করার দায়িত্ব আমার। মুকুল রায়, শুভেন্দু অধিকারীর আসল রূপ দেখিয়েছিলাম, চিহ্নিত করেছিলাম।"












Click it and Unblock the Notifications