তিলজলা কাণ্ডের জের! সমস্ত অবৈধ নির্মাণ ও কারখানা ভাঙার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অবৈধ নির্মাণের বিরুদ্ধে বিজেপি সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ সামনে আসার পরই তা স্পষ্ট হয়েছে। তিনি সাফ জানিয়েছেন, বিল্ডিং প্ল্যান না থাকলে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ কারখানার মালিকদের গ্রেফতার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বহুতল ভেঙে ফেলারও নির্দেশ দ্রুত জারি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে. খান রোডের একটি চারতলা বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত একটি চামড়ার কারখানায়। সেখানে ভয়াবহ আগুন লাগার পর দমবন্ধ হয়ে দু'জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং আরও পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমন মর্মান্তিক দুর্ঘটনার পরই রাজ্য সরকার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে তদন্তের নির্দেশ দেয়।

এদিন বুধবার মুখ্যমন্ত্রীর দফতরে সেই তদন্ত রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে দেখা যায়, যে চারতলা বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেটি সম্পূর্ণ অবৈধ নির্মাণ। শুধু কোনও বৈধ বিল্ডিং প্ল্যানই ছিল না, কারখানার ভিতরেও ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল অনুপস্থিত, যা এই দুর্ঘটনার ভয়াবহতা বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
এই রিপোর্টের ভিত্তিতেই এদিন বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, "তিলজলার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে অবৈধ কারখানার মালিকদেরও।" মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রশাসন কেবল অপরাধীদের গ্রেফতারিতেই সীমাবদ্ধ থাকছে না, বরং আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, বিদ্যুৎ সংস্থাকে স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে এবং অবৈধ বহুতলটি একদিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। এছাড়াও, রাজ্যে যত অবৈধ কারখানা রয়েছে, তার অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন করে সিইএসসিকে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ তিনি দিয়েছেন। নতুন বিজেপি সরকার বেআইনি কাজ এবং সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করবে না বলে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications