Partha Chatterjee: ED-র মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন সুপ্রিম কোর্টের, তবে এখনই নয় জেলমুক্তি
Partha Chatterjee: জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় পার্থ চ্যাটার্জিকে জামিন মঞ্জুর (Bail Granted) সুপ্রিম কোর্টের (Supreme Court)। ১ ফেব্রুয়ারির আগে ইডির মামলায় জামিন পাবেন তিনি। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না। সিবিআইয়ের মামলায় (CBI) জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
ইডির মামলায় ৩১ ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতকে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরই মিলবে জামিন। জানুয়ারি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্ব মিটিয়ে ফেলতে হবে। সময়সীমা নির্দিষ্ট করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে সব প্রক্রিয়া শেষ হলে ইডির মামলায় জামিন পাবেন পার্থ চ্যাটার্জি।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও নিম্ন আদালতে বিচারাধীন সিবিআইয়ের মামলা। তাতে জামিনের আর্জি মঞ্জুর হলে তবেই পুরোপুরি জেলমুক্তি হবে পার্থর। তবে জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ, সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির আগে যত তাড়াতাড়ি গোটা প্রক্রিয়া শেষ হবে, তত তাড়াতাড়ি ইডির মামলায় জামিন পাবেন পার্থ চ্যাটার্জি।
গত ২০২২ সালের ২৩ জুলাই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকার পাহাড়। চলতি বছরের ১ অক্টোবর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ফের গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। সেই ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলে থাকতে হবে।
প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। জামিন হয়েছে অন্যান্যদেরও। পার্থের জামিন বারবার আটকে গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 'কিংমেকার'বলে আখ্যা দিয়েছে সিবিআই। যদিও পার্থের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই বলে দাবি পার্থের আইনজীবী মিলন মুখার্জির।
এর আগে পার্থ চট্টোপাধ্যাযের জামিনের আবেদন নিয়ে ভিন্নমত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে। ইডির মামলায় অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। অবশেষে স্বস্তি দিয়ে শুক্রবার শীর্ষ আদালত জানাল, ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থকে।












Click it and Unblock the Notifications