"অযোগ্যদের কেন বহিষ্কার নয়?" ধর্না চলবে চাকরিহারাদের, SSC চেয়ারম্যানের সঙ্গে দ্বিতীয় বৈঠকেও গলল না বরফ!
SSC Case: সোমবার পাঁচ ঘণ্টা বৈঠকের পর এসএসসি দফতর থেকে কোনও ইতিবাচক সাড়া না মেলায় আন্দোলন জারি রেখেছিলেন চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে ফের চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যদিও আলোচনায় কাটল না জট।
অযোগ্যদের কেন বরখাস্ত করা হচ্ছে না? সেই প্রশ্ন তুলে এসএসসি ভবন ঘেরাও অভিযান জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। সোমের বৈঠকে ছিলেন ১৩ জন প্রতিনিধি। মঙ্গলবার ১০ জন শিক্ষক প্রতিনিধি বৈঠকে যান বলে সূত্রের খবর। এরপর বৈঠকে যান শিক্ষাকর্মীরাও। গ্রুপ সি ও গ্রুপ ডি-এর চার জন করে মোট আট জন প্রতিনিধি যান বৈঠকে।

এদিকে যোগ্য অযোগ্যের তালিকার দাবিতে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা, এরই মধ্যে যোগ্যদের তালিকা দিয়ে ডিআই-দের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর। নির্দিষ্টভাবে 'অযোগ্য' শনাক্ত না হওয়া বা 'যোগ্য' শিক্ষকদের আপাতত কাজ চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইমতো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল শিক্ষা দফতর।
সোমের পর মঙ্গলেও আলোচনায় জট কাটেনি। এসএসসি দফতরে তাঁদের ঘেরাও অভিযান চলবে বলে জানিয়ে দেন শিক্ষকদের প্রতিনিধিরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হবে তাদের তরফে। স্কুলে যাওয়া বা বেতন পাওয়াটাই বড় বিষয় নয়, অযোগ্যদের কেন বরখাস্ত করা হচ্ছে না, সেটাই প্রশ্ন। অযোগ্যদের বহিষ্কারের দাবিতে হাইকোর্টেও তারা যাবেন বলে জানান চাকরিহারা শিক্ষকরা। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, আলোচনায় যাই বলা হোক, যোগ্যদের তালিকা না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
চাকরিহারা শিক্ষকদের আরও দাবি, ১৭ হাজার ২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫ হাজার ৪০৩ জন যোগ্য। কিন্ত কেন ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হল না সেই সেই ব্যাখ্যা শিক্ষামন্ত্রীর কাছে চাওয়া হবে বলে জানান চাকরিহারা শিক্ষকরা। অযোগ্যদের কেন বরখাস্ত করা হচ্ছে না, সেই জবাবও পর্ষদের কাছে চাওয়া হবে বলে জানান তারা।
এদিকে ২৮ ঘণ্টা হতে হতে চললেও অবরুদ্ধ এসএসসি ভবন। দফায় দফায় ছড়ায় উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান চাকরিহারা শিক্ষকরা। পুলিশ শিফট চেঞ্জের দোহাই দিয়ে শয়ে শয়ে কর্মী মোতায়েন করছে বলে অভিযোগ চাকরিহারাদের।
বাড়তি পুলিশ নিয়ে এসে চাকরিহারাদের ঘেরাটোপ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। ওদিকে ভেতরে কার্যত বন্দি চেয়ারম্যানকে বাইরে বেরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ চাকরিহারাদের। যদিও তালিকা না মেলা পর্যন্ত কোনও অবস্থাতেই তারা এসএসসি ভবনের কাউকে বের হতে দেবেন না বলে হুঁশিয়ারিতে অনড় চাকরিহারা শিক্ষকরা।












Click it and Unblock the Notifications