SSC Scam: "আর কোনও রাস্তা ছিল না," চাকরি ফেরাতে এবার রাজপথে রিলে অনশন শিক্ষকদের
SSC Scam: এসএসসি ভবনের বাইরে বিনিদ্র রাত কাটিয়ে এবার হকের চাকরির দাবিতে অনশন আন্দোলনের পথে চাকরিহারারা। সম্মানজনক সমাধান সূত্র না মেলা পর্যন্ত এই অনশন কারা চালিয়ে যাবেন বলে ঘোষণা তাদের। সল্টলেকে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই লাগাতার রিলে অনশনে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
বৃহস্পতিবার বেলায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও রয়েছে চাকরিহারাদের। নাগরিক সমাজকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে চাকরিহারাদের পাশে দাঁড়াতে পৌঁছন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "চোরদের বাঁচাতে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এতদিনে যোগ্য অযোগ্যর তালিকা পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছে করলেই দিতে পারেন। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে দিচ্ছেন না।"

যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতে ও বুধবার কসবায় DI অফিস অভিযানে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জ ও লাথির প্রতিবাদে এসএসসি ভবনের সামনে অনশন শুরু করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে তারা জানান, সবার হয়ে প্রথম অনশনে বসছেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক। এরপর চারজন অনশনে বসতে চলেছেন।
সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষকরা জানান, আর কোনও রাস্তা ছিল না। ওএমআরের মিরর ইমেজ প্রকাশ না করা পর্যন্ত নড়বেন না তাঁরা। চেয়ারম্যান যোগ্যদের তালিকা প্রকাশ করবেন বললেও সময় জানাননি। চাকরিহারাদের যদি সত্যিই বাঁচাতে চান, তাহল এটা প্রকাশ করতে বেশি সময় লাগার কথা নয়। কারণ অনলাইনেই মিরর ইমেজ রয়েছে। বুধবার রাতভর এই দাবিগুলি নিয়েই খোলা আকাশের নিচে প্রতিবাদ দেখালেন শিক্ষকরা। রাত পেরিয়ে ভোর হলেও অবস্থানে অনড় তারা। আর এবার অনশন জারি করে প্রতিবাদ।
প্রসঙ্গত, বুধবার চাকরি বাতিলকাণ্ডে প্রতিবাদে রণক্ষেত্র হয় কলকাতার কসবা। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। ঊর্দিধারী পুলিশকে লাথিও মারতে দেখা যায় চাকরিহারাদের উপর। নির্মমভাবে লাঠিচার্জও করে পুলিশ।












Click it and Unblock the Notifications