ভোট দিয়ে রাজনীতিতে যোগদান নিয়ে কী বললেন সৌরভ, জানতে পড়ুন
তিনি খেলার মাঠের লোক। রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে তাঁর নেই। সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
তিনি খেলার মাঠের লোক। রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে তাঁর নেই। সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে ভোট দেওয়া তাঁর কর্তব্য, তাই সেই কাজটি করেছেন। এর বেশি রাজনীতি নিয়ে তিনি আর কিছু ভাবতে চান না বলেই জানিয়েছেন বাংলার মহারাজ।

বিজেপি-তে যোগ দেবেন সৌরভ গাঙ্গুলী, এমন জল্পনা দেশের রাজনীতিতে কেউ বা কারা উস্কে দিয়েছিলেন। এতদিন এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও, রবিবার ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। সৌরভ জানিয়েছেন, তিনি খেলার মাঠের মানুষ, খেলা নিয়েই মেতে থাকতে চান।
শেষ দফা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেহালার বরিশা জনকল্যাণ বিদ্যাপীঠে দাদা স্নেহাশীষ ও স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে ভোট দিতে ঢোকেন সৌরভ গাঙ্গুলী। ভোট দিয়ে বেরোতেই তাঁকে ঘিরে ভিড় জমান ভক্তরা। বুথের ভেতরেই চলতে থাকে ক্যামেরার ঝলকানি। কেউ কেউ ভোটের লাইন ছেড়ে মহারাজের সই সংগ্রহে এবং তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
নীল-সাদা টি-শার্ট ও ডেনিম জিন্স পরিহিত ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ককে সামনে পেয়ে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি ওই বুথে নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। মহারাজকে দেখে এগিয়ে আসেন ওই বুথেই ভোট দিতে আসা তাঁর প্রতিবেশী অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দুই সেলেব্রিটির মধ্যে কথাও হয় বেশ কিছুক্ষণ।
বেরোনোর আগে বিশ্বকাপ নিয়ে দাদাকে প্রশ্ন করা হলে তিনি জানান, এবারের টুর্নামেন্ট অন্যান্য বারের থেকে ভালো হবে। রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী দশটি দল একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। তাতে খেলার মান বাড়বে বলেই মনে করেন সৌরভ গাঙ্গুলী। তবে টুর্নামেন্টের ফল নিয়ে ভবিষ্যতবাণী করতে রাজি হননি ভারতের প্রাক্তন অধিনায়ক।












Click it and Unblock the Notifications