শওকত মোল্লা ফাঁসাচ্ছেন আরাবুল ইসলামকে? হাইকোর্টে চাঞ্চল্যকর অভিযোগ
কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন জেলবন্দি আরাবুল ইসলাম। সেই মামলারই শুনানি ছিল সোমবার কলকাতা হাইকোর্টে। সেখানেই বিস্ফোরক অভিযোগ করা হল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে তোলা হয়েছে অভিযোগের আঙুল।
শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন আদালতে এই কথাই দাবি করলেন ভাঙড়ের 'তাজা নেতা'র আইনজীবী। তাহলে কি ভাঙড় পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দিকে সরাসরি এবার অভিযোগ উঠছে?

ছবি সৌজন্য- ANI/টুইটার
আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাঠ গড়ায় বিধায়ক শওকত মোল্লা। আরাবুলের আইনজীবীর অভিযোগ, শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে পুলিশের এই অতিসক্রিয়তার অভিযোগ কী রাজনৈতিক অভিসন্ধি?
আরাবুল ইসলামের বিরুদ্ধে এখনও কত মামলা রয়েছে? কত মামলায় চার্জশিট দেওয়া হয়েছে? এই সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
রাজনৈতিক অতীতে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার মধ্যে খুব একটা সুসম্পর্ক দেখা যায়নি৷ দুই শিবিরেই তারা থেকেছে৷ ভাঙড় এলাকায় একাধিক সময়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদও হয়েছে। ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব শওকত মোল্লার উপরে দিয়েছিল দল।
গত বছরে পঞ্চায়েত নির্বাচনের আগে শওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার শেখকে একসঙ্গে দেখা যায়। বিভিন্ন কর্মিসভায় আরাবুল ইসলাম ও শওকত মোল্লাকে পাশাপাশিও দেখা গিয়েছিল। আইএসএফের বিরুদ্ধে দুজনেই সরব হয়েছিল।
কিন্তু কয়েক মাসের মধ্যেই কি ছবি বদলে গেল? চলতি বছর ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন আরাবুল ইসলাম। তারপর থেকেই জেলবন্দি আরাবুল। তাকে নিত্য নতুন মামলায় ফাঁসানো হচ্ছে। এমনই অভিযোগ করছেন আরাবুল। আর এবার সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তোলা হল।












Click it and Unblock the Notifications