১৬৩ ধারা জারি, এবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে করা যাবে না আন্দোলন!
সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে আর করা যাবে না জমায়েত। এমনই কথা জানা গিয়েছে। সোমবার এই কথা জানা গিয়েছে৷ ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে স্বাস্থ্য ভবনের সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছে।
আরজি কর হাসপাতাল কাণ্ডে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সরকারি হাসপাতালে লাগামছাড়া দুর্নীতি সহ একাধিক অভিযোগ সামনে আসে। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় রীতিমতো বেহাল হয়ে পড়ে কলকাতার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা৷ জুনিয়র চিকিৎসকরা আন্দোলন শুরু করে৷

স্বাস্থ্য ভবনের সামনেও বার বার আন্দোলন দেখা গিয়েছে। স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘ দিন অবস্থান আন্দোলন চালান। আর যাতে কোনও ভাবে আন্দোলন না করা যায়, তাই কি এই সিদ্ধান্ত নেওয়া হল? সেই প্রশ্ন উঠছে।
সাম্প্রতিক অতীতে জুনিয়র, সিনিয়র চিকিৎসরা মিছিল করেছেন স্বাস্থ্য ভবন অভিযানের জন্য। নার্স ও স্বাস্থ্যকর্মীরাও অভিযান করেছেন। আরজি কর কাণ্ডে বিজেপি, বামেরাও স্বাস্থ্য ভবন অভিযান করেছিল। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই। প্রচুর সংখ্যায় পুলিশ ও রযাফও মজুত রাখা হয়।
আরজি কর কাণ্ডে টানা অবস্থান আন্দোলন চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন অভিযান করা হয়। আধিকারিকরাও আটকে পড়েছিলেন। দীর্ঘ সময় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয় স্বাস্থ্য আধিকারিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। পরে তারা কর্মবিরতি তুলে কাজে ফিরেছিলেন৷
এবার এই নতুন নির্দেশের কথা জানা গেল৷ আগেই স্বাস্থ্য ভবনের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কাজের সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ভবনের সামনে যাওয়া যাবে না। প্রয়োজনে হাসপাতালের উপর মহলের অনুমতি নিয়ে যেতে হবে সেখানে। এবার ১৬৩ ধারা জারি করা হল।
অর্থাৎ, এবার পাঁচ জনের বেশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেতে পারবেন না স্বাস্থ্য ভবন। অর্থাৎ, স্বাস্থ্য ভবনের সামনে আর কোনও জমায়েত করা যাবে না। এই নির্দেশিকায় ক্ষোভ চিকিৎসক মহলে। এদিন স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসক ও নার্সরা।












Click it and Unblock the Notifications