পয়লা বৈশাখে বিতর্কিত মন্তব্য রাজ্যপাল রবির, পাল্টা নাম না করে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা
পয়লা বৈশাখের সকালে লোকভবনে রাজ্যপাল আর এন রবির 'পরিবর্তনের অংশ হওয়ার' মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী আবহে এই মন্তব্য কি পরোক্ষে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। রাজ্যপালের এই আহ্বান শাসকদলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এদিন কালীঘাটে সস্ত্রীক পুজো দিয়ে রাজ্যপাল লোকভবনে যান। সেখানে তিনি বাংলার অতীত সমৃদ্ধি ও বর্তমান পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান দেন। তাঁর কথায়, "১৯৬০-এর দশকে জাতীয় জিডিপিতে বাংলার অবদান ছিল ১০ শতাংশের বেশি, যা এখন ৫ শতাংশ।" মাথাপিছু আয়ে একসময় ৪টি রাজ্য এগিয়ে থাকলেও, বর্তমানে ১৫টি রাজ্য পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে গেছে।

দেশের সাড়ে পাঁচ কোটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) মধ্যে বাংলায় মাত্র ৩ লক্ষ নথিভুক্ত। নববর্ষ সংকল্পের দিন উল্লেখ করে রাজ্যপাল যুবসমাজকে ইতিবাচক হয়ে পরিবর্তনের অংশীদার হওয়ার সংকল্প নিতে আহ্বান করেন। তাঁর মতে, নতুন করে সংকল্প গ্রহণই রাজ্যের অগ্রগতিতে সহায়ক হবে।
রাজ্যপাল বলেন, "বাংলার গৌরব পুনরুদ্ধারের জন্য এই পরিবর্তন স্বর্গ থেকে আসবে না, এটি আমাদের ভিতর থেকেই আসতে হবে।" বাংলাকে মা দুর্গার ভূমি উল্লেখ করে তাঁর আহ্বান, দেশ যখন এগোচ্ছে, তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না।
রাজ্যপালের 'পরিবর্তন’ শব্দটি ভালোভাবে নেয়নি শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জনসভা থেকে নাম না করে রাজ্যপাল রবিকে লাটসাহেব বলে কটাক্ষ করেন। মমতা আক্রমণ করে বলেন, বাংলার লাটসাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন! আমি নাম নেব না, তিনি আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। তা না করে আমাকে গালি দিয়েছেন। বাংলায় সাম্প্রতিক অশান্তির দায়ভারও তিনি ঘুরিয়ে রাজ্যপাল, নির্বাচন কমিশন ও কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছেন।












Click it and Unblock the Notifications