RG Kar Case: তদন্ত কতদূর? জানেই না পরিবার! আরজি করকাণ্ডে CBI-এর কাছে রিপোর্ট চাইল আদালত
RG Kar Case: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের (Rape and Murder Case) ঘটনায় নতুন মোড়। এবার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট চাইল শিয়ালদহ আদালত (Sealdah ACJM Court)।
কতদূর এগিয়েছে তদন্ত, কী কী উঠে এসেছে এখনও পর্যন্ত, সেসব জানতে চেয়ে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট (Investigation Status Report) তলব করল নিম্ন আদালত। সম্প্রতি শিয়ালদহ আদালতে পিটিশন জমা দেয় নিহত চিকিৎসকের পরিবার।

অভয়ার পরিবারের অভিযোগ ছিল, ধর্ষণ ও খুনের মামলার তদন্তের অগ্রগতি নিয়ে তারা কিছুই জানতে পারছেন না। গোটা তদন্তের ব্যাপারে চিকিৎসকের মা-বাবাকে অন্ধকারে রাখা হয়েছে বলে দাবি। কোনও কিছুই তাদের জানানো হচ্ছে না বলে অভিযোগ।
নিহত চিকিৎসকের মা ও বাবার আবেদনের ভিত্তিতেই ওই রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআইকে চারদিনের সময়ও বেঁধে দিল শিয়ালদহ আদালত। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে সেই রিপোর্ট। কী কী তথ্য উঠে এসেছে এখনও পর্যন্ত, সেসম্পর্কে বিশদে তথ্য উল্লেখ থাকতে হবে স্টেটাস রিপোর্টে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে আসামী সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। তদন্ত চলবে বলেও জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তদন্ত নিয়েও কিঠু জানানো হয়নি বলে অভিযোগ পরিবারের। আর এবার সিবিআইয়ের কাছে তদন্তের রিপোর্ট চাইল শিয়ালদহ এসিজিএম আদালতের বিচারক।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হলে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আদালতে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক।












Click it and Unblock the Notifications