RG Kar case: শুক্রে ২ নার্স, ৮ নিরাপত্তারক্ষীকে তলব CBI-এর; আরজি কর মামলায় সোমে হাইকোর্টে শুনানি
RG Kar case: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় বৃহস্পতিবারই চারজন নার্সকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শুক্রবার আবারও দুজন নার্সকে সিবিআই দফতরে ডাকা হয়েছিল। সেইমতো শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন তারা। ঠিক কী হয়েছিল ৯ অগাস্টের রাতে, সেসম্পর্কে আরও তথ্য হাতে পেতে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।
শুক্রবার স্রেফ ২ নার্সই নন, আরজি কর হাসপাতালের নিরাপত্তারক্ষীদেরও ডেকে পাঠায় সিবিআই। সিজিও কমপ্লেক্সে আসেন আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের নিরাপত্তা কর্মীরা। সিবিআই সূত্রে খবর, ঘটনার সময় ও তার পরে কি কি হয়েছিল, কারা প্রবেশ করেছিল, বাইরে বেরিয়েছিল, সেই সম্পর্কে নতুন তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হয় নিরাপত্তারক্ষীদের। শুক্রবার মোট আট জন নিরাপত্তা রক্ষীকে তলব করা হয় বলে সিবিআই সূত্রে খবর।

অভিশপ্ত ৯ অগাস্ট। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয় অভয়ার মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। বছর একত্রিশের জুনিয়র চিকিৎসকের সঙ্গে ঘটা পৈশাচিক ঘটনার প্রতিবাদে তোলপাড় হয় গোটা দেশ। একমাত্র দোষীসাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।
যদিও সিবিআই তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার। একা সঞ্জয় নয়, আরও মাথা রয়েছে বলে দাবি তাঁদের। সিবিআই ঠিকমতো তদন্ত করলে মাথারা বেরিয়ে আসবে বলেও দাবি অভয়ার বাবা মায়ের। আর তাই তাঁদের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত গত সোমবার জানিয়ে দিয়েছে, সিবিআই তদন্ত নিয়ে পরিবারের আর্জি কলকাতা হাইকোর্টও শুনতে পারবে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে বলে অনুমতি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।
এদিকে, নতুন করে তদন্তের আর্জির ব্যাপারে হাইকোর্টে মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। বৃহস্পতিবার যে চার নার্সকে ডাকা হয়েছিল, তাদের প্রায় ঘণ্টা তিনেক ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রের খবর। এই নিয়ে দ্বিতীয়বার ডাকা হল তাঁদের। শুক্রবার ফের ২ নার্সকে তলব করল সিবিআই। বাবা মায়ের দাবি মতো তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে কি এবার আরও মাথা সামনে আনবে সিবিআই? সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications