আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চায়নি পুলিশ, দাবি করলেন বিনীত গোয়েল
আরজি করের তরুণী জুনিয়র চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়নি। সাংবাদিক সম্মেলনে এই দাবি জোর গলায় করলেন বিনীত গোয়েল। কোনও ভাবে গুজব ছড়ানো যাবে না। সেই অনুরোধও করলেন তিনি।
সাংবাদিক বৈঠকে আরজি করের ঘটনার একাধিক প্রসঙ্গ তুলে ধরেছেন কলকাতার পুলিশ কমিশনার৷ পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহলে৷ কলকাতা হাইকোর্টও বুধবারের হামলায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করে। তারপরই সাংবাদিক বৈঠক করেন বিনীত গোয়েল। এই ঘটনাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরজি করের খুন, ধর্ষণের ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছিল। ওই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িয়ে৷ পুলিশ রাঘববোয়ালদের আড়াল করার চেষ্টা করছে। এই মারাত্মক অভিযোগও উঠেছে। এদিন বিনীত গোয়েল বলেন, কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না। প্রথম দিন থেকে বলা হচ্ছে, পুলিশের কিছু লুকানোর নেই৷ পুলিশ প্রমাণ খুঁজছে। প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। প্রথম থেকেই কলকাতা পুলিশ স্বচ্ছভাবে কাজ করছে। গুজব না ছড়াতেও অনুরোধ করলেন পুলিশ কমিশনার।
" এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই৷ আমাদের উপর আপনাদের ভরসা নেই৷ অন্তত ওদের উপর ভরসা রাখুন।" বললেন বিনীত গোয়েল৷ চিকিৎসকের মৃত্যুকে কখনওই আত্মহত্যা বলে চালাতে চায়নি পুলিশ। স্বাভাবিক মৃত্যু না হলে প্রথমে অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ দায়ের করা হয়। এই কথাও দাবি করলেন পুলিশ কমিশনার।
সিবিআই এই ঘটনার প্রকৃত সত্য বার করবে। দোষীদের গ্রেফতার করবে। সিবিআইয়ের উপর আস্থা রাখতে বার্তা দিয়েছেন বিনীত গোয়েল। বুধবারের হামলার ঘটনায় এখন অবধি ২৫ জন গ্রেফতার হয়েছে। সে কথাও এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়।












Click it and Unblock the Notifications