ক্যামাক স্ট্রিটে বেপরোয়া ভিন রাজ্যের গাড়ি, পুলিশদের ধাক্কা মেরে ফুটপাত দিয়ে গতিতে পালানোর চেষ্টা
হাড়হিম করা ঘটনা। রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ি। নাকাচেকিং - এর সময় কলকাতা পুলিশ গাড়িটিকে আটকাতে যায়। পুলিশ কর্মীদের ধাক্কা মেরেই সেটি পালিয়ে যায়। গোটা ঘটনা ঘটেছে মহানগরের হাই সিকিউরিটি জোন এলাকা ক্যামাক স্ট্রিট চত্বরে।
বুধবার গভীর রাতে এই মারাত্মক ঘটনা ঘটেছে। কেবল পুলিশ কর্মীরাই নন। জখম হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। তারা ফুটপাতের উপর ছিলেন। ফুটপাতে সেই গাড়ি উঠে গিয়েছিল। মানুষদের পিষে গাড়িটির চলে যাওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঠিক কী ঘটেছে গতকাল রাতের কলকাতায়?
শেক্সপিয়ার সরণি থানার ক্যামাক স্ট্রিট ও মিডিলটন রোডের ক্রসিংয়ে নাকা চেকিং চলে। সেই সময় একটি গাড়িকে আটকাতে যায় পুলিশ। চার পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সেই গাড়ি। তিন জন পথচারীও আহত হয় বলে খবর।
পরে ওই গাড়ি ও চালক সহ দুজনকে আটক করে পুলিশ। আহত পুলিশ কর্মীদের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। তাদের মধ্যে একজন হোমগার্ড ও দুই সার্জেন্ট। শেক্সপিয়ার সরণী থানায় ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তি গ্রেফতার চালক। তেলেঙ্গানার নম্বর প্লেট গাড়িটি কী কারণে রাজ্যে এসেছিল? খুঁজে দেখা হচ্ছে।
প্রথমে এলেন পার্কের সামনে গাড়িটিকে আটকানো হয়। গাড়ি গতি বাড়িয়ে সেখান থেকে পালায়। ওয়াকি টকিতে পরবর্তী সিগন্যালে খবর দেয় ট্রাফিক গার্ড। বরদান মার্কেটের সামনে পরবর্তী নাকা চেকিং পয়েন্ট ছিল। গাড়িটিকে ফের সেখানে আটকানোর চেষ্টা হয়।
সার্জেন্ট এবং এক ট্রাফিক হোমগার্ডকে ধাক্কা মারে গাড়িটি। এরপর কন্ট্রোল থেকে খবর পেয়ে সিগন্যাল কন্ট্রোল বিভাগ ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডের সিগন্যাল লাল করে দেয়। সামনে সিগন্যালে অন্য গাড়ি দাঁড়িয়ে থাকায় বেগতিক দেখে গাড়িটি ফুটপাথে উঠে যায়।
বাকি গাড়িকে ওভারটেক করে। তারপর বিপরীত দিকের লেনে চলে যায়। ফুটপাথে ওঠার পর তিন পথচারীকে ধাক্কা মারে। তারপর ফুটপাথের ধারের লোহার রেলিংয়ে ধাক্কা মারে। কিছু গাড়িকেও ধাক্কা মারে। এরপর একটি অফিস বিল্ডিংয়ে ঢুকে গাড়িটি আটকে যায়। ক্ষিপ্ত জনতা গাড়ির চালককে মারধর করে।
পুলিশ চালককে এবং চালকের পাশের আসনে বসে থাকা সওয়ারিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের আটক করে থানা। আহত পুলিশ কর্মী ও পথচারীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়ি আটক করে শেক্সপিয়ার সরণী থানা।












Click it and Unblock the Notifications