Ram Navami 2025: কেষ্টপুরে লকেটের রামনবমীর শোভাযাত্রায় 'বাধা' পুলিশের, "ভয় পেয়েছে তৃণমূল," দাবি বিজেপি নেত্রীর
Ram Navami 2025: রামনবমীর সকালেই কাটল তাল। নিউটাউনে শোভাযাত্রা আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এগোচ্ছিল শোভাযাত্রা। কেষ্টপুরের দিক দিয়ে ব্যারিকেড করে তাদের শোভাযাত্রা আটকায় পুলিশ। যদিও পুলিশ আটকালেও অনড় থাকেন লকেট। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান লকেট। ভিআইপি রোড ধরেই এগিয়ে যান বিজেপি নেত্রী।
লকেট বলেন, "ধর্মীয় মিছিল আটকানোর অধিকার পুলিশের নেই। তৃণমূল সরকার ভয় পেয়েছে। একটি বিশেষ সম্প্রদায়ের কোনও কিছুতে সরকার আটকায় না। রামনবমীর মতো বড় উৎসবকে আটকানো হচ্ছে। রাজনৈতিক কোনও মিছিল নয়। তাহলে কেন আটকাচ্ছে? কোনও নির্দেশিকা নেই। কোনও কাগজ নেই। অন্য কোনও সম্প্রদায়ের মিছিল হলে তো আটকায় না। তখন বুকের পাটা কোথায় যায়?"

মূলত শোভাযাত্রার রুট নিয়েই সংঘাতে যায় পুলিশ ও লকেট চ্যাটার্জিরা। ব্যারিকেড এড়িয়ে অন্য পথ ধরে মিছিল করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শ্রীরাম জন্মদিবস পালন সমিতির তরফে এগোচ্ছিল মিছিল। কেষ্টপুর মোড়ের কাছে ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ। সল্টলেকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ লকেটের। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিল আটকেছে বলে অভিযোগ লকেটের।
প্রসঙ্গত, রামনবমী ঘিরে রাজ্যের দিকে দিকে মিছিল বিজেপি ও তৃণমূলের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্ব অস্ত্রে শান দিতে উঠেপড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। রবিবার রামনবমীর শোভাযাত্রায় বিজেপির একাধিক নেতৃত্ব। দিলীপ ঘোষ, অর্জুন সিং, শমীক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জিরা অংশ নেন শোভাযাত্রায়। পিছিয়ে নেই তৃণমূলও।
নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় সামিল হন বিজেপি নেতা অর্জুন সিং। ছিলেন শমীক ও লকেটও। নিউটাউন থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত যাবে এই শোভাযাত্রা। অর্জুন সিং বলেন, "মুখ্যমন্ত্রী গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। গত ১০ দিন ধরে সনাতনীদের অপমান করছেন মমতা। দাঙ্গা হওয়ার কথা বারবার বলছেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে প্রশাসন সামলানোর কথা তাঁর, তিনি কীকরে বারবার একথা বলেন? ওনার পদত্যাগ করা উচিত।"












Click it and Unblock the Notifications