Jadavpur University: বন্ধু ইফতারে বেরোতেই ঘরে ‘দাদাদের’ জুলুম, মাকে ধর্ষণের ‘হুমকি’, যাদবপুরে ফের ব়্যাগিং!
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফের ব়্যাগিংয়ের অভিযোগ। আবারও সেই মেইন হস্টেল। ২০২৩ সালে ওই একই জায়গায় ব়্যাগিংয়ের ঘটনায় মারা গিয়েছিল বাংলা বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র। আর এবার ফিল্ম স্টাডিজ বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট দ্বিতীয় বর্ষের পড়ুয়া ব়্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে দেশের নামকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়।
বিভাগীয় সিনিয়রদের হাতে ওই পড়ুয়া ব়্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অ্যান্টি-ব়্যাগিং কমিটিকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন ওই পড়ুয়া। আর তাতেই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। এর আগে ২০২৩ সালে ব়্যাগিংয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় যারা জড়িত ছিল, তারাই ব়্যাগিং করেছে বলে অভিযোগ পড়ুয়ার।

ঠিক কী অভিযোগ ওই পড়ুয়ার?
২ বছর আগে ব়্যাগিংয়ের জেরে ছাত্রের মৃত্যুতে প্রতিবাদে সরব হয়েছিলেন অভিযোগকারী ছাত্র। আর তাই সিনিয়রদের রোষানলে তাঁকে পড়তে হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী পড়ুয়া জানান, গত ১৫ মার্চ যাদবপুরের মেইন হস্টেলের এ-ওয়ান ব্লকের ২৫ নম্বর রুমে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ইফতারের জন্য বন্ধু বাইরে বেরিয়ে গেলে ঘরে একদল সিনিয়র ঢোকে বলে অভিযোগ। এরপরই তাঁকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় বলে অভিযোগ।
পড়ুয়ার মাকেও ধর্ষণের হুমকি!
ওই পড়ুয়ার আরও দাবি, অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরে একের পর এক মারাত্মক হুমকি ধমকি দিতে থাকে। পড়ুয়ার মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চাপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা জিনিস লিখতে বাধ্য করা হয় বলেও অভিযোগ। ২০২৩ সালে ব়্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনাতেও এই সিনিয়ররাই জড়িত ছিল বলে অভিযোগ ওই পড়ুয়ার। যাদবপুরের ক্যাম্পাসে এদের অবাধ বিচরণ রয়েছে বলেও দাবি তাঁর। অনায়াসে ঘুরে বেরিয়ে নানান অপরাধমূলক কাজ তারা করছে বলেও অভিযোগ।
তবে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তা। প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে গোটা ঘটনায় যাদবপুরের ভিতরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল। শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়ার অভিযোগের ঘটনায় উত্তপ্ত যাদবপুরে অচলাবস্থা চলছেই। বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে পুলিশও। আর এবার সেই মেইন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ।












Click it and Unblock the Notifications