৩৫ টাকায় বিক্রি হচ্ছে আলু, দাম না কমালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল টাস্ক ফোর্স
বাজারে আলুর দাম কিছুতেই কমানো যাচ্ছে না। টাস্ক ফোর্স একাধিকবার বাজার ঘুরে দাম কমানোর অনুরোধ করছে। কিন্তু তারপরেও ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। মঙ্গলবার আরও একবার এই টাস্ক ফোর্স বাজারে হানা দিল৷
পাইকারি বাজারে আলুর বস্তা ১৩০০ টাকা। তাহলে কেজি প্রতি খোলা বাজারে কেন এত টাকা দামে আলু বিক্রি হচ্ছে? সেই প্রশ্ন উঠছে ৷ খোলা বাজারের ব্যবসায়ীরা এত বেশি দামে আলু বিক্রি করছেন। এমনটাই মনে করছে টাস্ক ফোর্স। দাম নিয়ন্ত্রণ না করলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে৷ গ্রেফতার করার ইঙ্গিতও দিয়েছেন রবীন্দ্রনাথ কোলে।

রাজ্যে আলুর দাম কিছুতেই কমানো যাচ্ছে না৷ আলু ব্যবসায়ীদের লাগাম টানতে আরও একবার নেমে পড়েছে টাস্ক ফোর্স। আজ মঙ্গলবার সকালে উল্টোডাঙা পাইকারি বাজারে হানা দিলেন টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তার সঙ্গে ছিলেন বিধাননগর থানার পুলিশকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্টের অফিসাররা।
আলু ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেন, আজকের আলুর দাম কত? যারা ন্যায্য দাম বলছেন, তাদের কিছু বলা হচ্ছে না। যে সব আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন, তাদের ওয়ার্নিং দিয়ে সচেতন করা হল। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদের আলু বিক্রি করতে হবে। না হলে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হবে। এমনটা জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে।
১৩০০ টাকা বস্তা হলে প্রতি কেজি আলুর দাম পাইকারি রেটে ২৬ টাকা হয়। এক কেজি আলু ব্যবসায়ীরা ৩০ টাকায় বিক্রি করতে পারেন। কিন্তু কোথাও কোথাও ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এই কাজ সঠিক নয়। আলুর দাম খোলা বাজারে কমাতে হবে। জোর গলায় এই কথা বললেন রবীন্দ্রনাথ কোলে।
প্রায় এক মাস ধরে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স সদস্যরা। সবজির দাম এখন অনেক কমে গিয়েছে। ক্যাপসিকাম, বিনসের দাম আরও কমবে। সবজির দাম নিয়ে এখন খুব একটা চিন্তা নেই। আলুর দাম নিয়ে এখন দুশ্চিন্তা রয়েছে।












Click it and Unblock the Notifications