মেট্রোয় জুড়ছে হাওড়া-সল্টলেক! তিন রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, আমন্ত্রিত মমতা
সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই হাওড়ার সঙ্গে সল্টলেকের মেট্রো-পথ জুড়ে যাচ্ছে। আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো চলে। এবার শিয়ালদহ ও এসপ্ল্যানেড জুড়ে যাচ্ছে, ফলে সুবিধা হবে যাত্রীদের।
২২ অগাস্ট তিনটি মেট্রো রুটের উদ্বোধনে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) রুটে মেট্রো চলবে। তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। আর সেই অনুষ্ঠানেই দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো-সহ বাংলার বিভিন্ন রেল প্রকল্পের পরিকল্পনা ও উদ্বোধন হয়েছিল।

জানা গিয়েছে, মেট্রো প্রকল্পের উদ্বোধনের যে অনুষ্ঠান দমদমে হবে তাতে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টানা ছুটি কাটিয়ে কাল খুলবে নবান্ন-সহ রাজ্য সরকারি দফতরগুলি। ফলে কাল মুখ্যমন্ত্রীর দফতরে চিঠিটি পৌঁছে যাবে। যদিও মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সেই নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications