দুই বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা ব্যাঙ্কশাল কোর্টে
হেস্টিংস থানা এলাকায় এক দু'বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সুরেশ পাসোয়ানের মৃত্যুদণ্ডের সাজা শোনাল নগর দায়রা আদালত।
হেস্টিংস থানা এলাকায় এক দু'বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সুরেশ পাসোয়ানের মৃত্যুদণ্ডের সাজা শোনাল নগর দায়রা আদালত। ২০১৩ সালের এই নৃশংস ঘটনায় অভিযুক্তকে গত ২৬ মার্চ দোষী সাব্যস্ত করেছিলেন নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। বৃহস্পতিবার এই মামলায় রায় দিল আদালত।

২০১৩ সালের ২২শে জুলাই। হেস্টিংস থানা এলাকার একটি নিকাশি নালা থেকে দু'বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল কলকাতা সহ গোটা রাজ্যে। ঘটনার দিন রাত ১টা নাগাদ শিশুর পরিবার ঘুম থেকে উঠে আর তাকে খুঁজে পায়নি। পরেরদিন উদ্ধার হয় শিশুটির দেহ। হেস্টিংস থানা এলাকার ফুটপাতের বাসিন্দা ওই নিরীহ শিশুটিকে সুরেশ পাসোয়ান তুলে নিয়ে গিয়ে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ। ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয় শিশুটিকে। এই সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছিল হেস্টিংস থানার পুলিশ। পরে তদন্তভার যায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখার হাতে। তদন্ত শেষ করে ২০১৩ সালেই মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। তারপর থেকে ব্যাঙ্কশাল আদালতে চলছিল এই মামলা। মোট ৩২ জন মামলায় সাক্ষ্য দেন। এই ঘটনায় অভিযুক্ত সুরেশ পাসোয়ানকে দোষী সাব্যস্ত করেন নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। এদিন তাকে সর্বোচ্চ শাস্তি শোনাল আদালত।












Click it and Unblock the Notifications