কলকাতা পুলিশে নতুন বিতর্ক! ওসির বিরুদ্ধে সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, নড়েচড়ে বসল মহিলা কমিশন
এক মহিলা সিভিক ভলান্টিয়ারের অভিযোগকে কেন্দ্র করে কলকাতা পুলিশের এক ওসিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নোটিসে নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিপিকে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশও করা হয়েছে। সেইসঙ্গে রাজ্যের ডিজিপিকে পাঁচ দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই মর্মে অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
তবে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে যে আলাদা করে কোনও অভিযোগ নথিভুক্ত হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সেই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি। আর এই পরিস্থিতিতেই জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ নতুন করে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
কমিশনের পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কোনও আধিকারিকদের বিরুদ্ধে এরকম ধরনের কোনও অভিযোগ যদি উঠে তাহলে সাধারণ মানুষের বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে যত তাড়াতাড়ি সম্ভব স্বচ্ছ তদন্তের উপরই জোর দেওয়া হয়েছে।
এখন এরকম একটি অভিযোগের পর প্রশাসনের ভূমিকা কী হয় এবং আদৌ আইনি প্রক্রিয়া শুরু হয় কি না, সেদিকেই নজর রয়েছে।












Click it and Unblock the Notifications