পার্থ তো ‘বাচ্চা ছেলে’! তৃণমূলের আর এক মন্ত্রীকে ‘নাবালক’ বললেন মুকুল, কেন
এবার ‘নাবালক’ কটাক্ষে মুকুল রায় ‘তুচ্ছজ্ঞান’ করলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে। এর আগে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়কে।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে 'বাচ্চা ছেলে' বলে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। এবার 'নাবালক' কটাক্ষে 'তুচ্ছজ্ঞান' করলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে। শনিবার রাজ্য বিজেপি দফতরে মুকুল রায় বলেন, 'জ্যোতিপ্রিয় নাবালক। অতি বাচ্চা ছেলে। ওর অভিযোগের কোনও জবাব দেব না। যা বলার যেখানে বলার, ঠিক সময়েই বলব।'

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেছিলেন, 'মুকুল রায়ের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যাযের হাত না থাকলে কেউ তাঁকে চিনত না। মুকুল রায় তৃণমূলের কাছে কোনও ফ্যাক্টরই নয়। কারণ জামা-প্যান্ট ছাড়া মুকুল রায়ের কিছুই নেই। মুকুল রায়ের পরিণতি কী হয়, সেটাই শুধু দেখুন।'
শুভ্রাংশু প্রসঙ্গেও তিনি মন্তব্য করেছিলেন। জ্যোতিপ্রিয় বলেছিলেন, 'বাবা-ছেলে লুকোচুরি খেলা হচ্ছে। বাবা-ছেলের লড়াই হচ্ছে এটা বিশ্বাসযোগ্য নয়। বাবা বিজেপিতে, ছেলে তৃণমূলে- এই খেলা ধরা পড়ে গিয়েছে বাংলার মানুষের কাছে। শুভ্রাংশুও যদি বিজেপিতে যায় কোনও ক্ষতি হবে না তৃণমূলের।'
এই প্রসঙ্গেই এক প্রশ্নের উত্তরে এদিন মুকুল রায় নাবালক বলে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা এড়িয়ে যান। আর শুভ্রাংশুকে ফের এদিন সাবালক বলে উল্লেখ করে মুকুল রায় বলেন, 'তার ব্যাপারে সিদ্ধান্ত সে নিজেই নেবে। আমি বাবা হিসেবে বলতে পারি, শুভ্রাংশুর শরীর অত্যন্ত খারাপ, তার চিকিৎসা চলছে।'
মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের গতিবিধি নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠেছে। কিন্তু সত্যিই তিনি কোথায়, তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, এ ব্যাপারে কি কোনও খোঁজ নিয়েছে দল? তৃণমূলের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সরব হয়েছেন। তাঁর জেলা থেকেই বিধায়ক নির্বাচিত মুকুল-পুত্র শুভ্রাংশু। তিনি কি খোঁজ রাখেন? তা নিয়েও প্রশ্ন উঠে পড়েছে।
এদিন ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন মুকুল রায়। 'রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত সমস্ত তথ্য গোপন করে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকী আদালতকেও অন্ধকারে রাখার চেষ্টা চালাচ্ছে সরকার। রাজ্যে ডেঙ্গি মহামারীর রূপ নিয়েছে, তারপরও সরকারের এই নিষ্ক্রিয়তা সমীচিন নয়। সরকারের উচিত তথ্য গোপন না করে জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা।'












Click it and Unblock the Notifications