মমতার ভবানীপুরে বড় ছাঁটাই! চূড়ান্ত তালিকায় বিপুল নাম বাদ, কত? বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
SIR চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নজর ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিধায়ক স্বয়ং মমতা ব্যানার্জী। চূড়ান্ত তালিকা বলছে যে, মোট ৪৭,০৯৪ জনের নাম বাদ পড়েছে। সেইসঙ্গে ১৪,১৫৪ জন রয়েছেন অমীমাংসিত তালিকায়। নথি যাচাই করার পর সেই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিকভাবে এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২,০৬,২৯৫ জন। গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ৪৪,৭৮৬ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় আরও ২,৩২৪ নাম বাদ পড়ার কারণে মোট বাদ পড়া নামের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল।
রাজনৈতিক গুরুত্বও কম নয়। ২০২১ সালে এখানে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন। তখন তিনি ২৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। পরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। তিনি ৫৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। আসন্ন নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার ভবানীপুর দখলের দাবি জোরদার ভাবে করেছেন। শুভেন্দুর চ্যালেঞ্জ, "দাঁড়ান, পালাবেন না।"
বিজেপির বক্তব্য, ডুপ্লিকেট অথবা মৃত ভোটারের নামই বাদ গেছে। এবং এখনও নাম তোলার সুযোগ রয়েছে। অন্যদিকে আবার তৃণমূলের জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন যে, কারও নাম যদি অন্যায়ভাবে বাদ যায় সংশোধনের পথ খোলা থাকবে, তাই এটিকে চূড়ান্ত ছবি বলে ধরে নেওয়া ঠিক নয়।
নাম বাদ যাওয়ার এই অঙ্কটি ভবানীপুরের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, রাজনৈতিক মহলে এখন সেই প্রশ্নই ঘুরছে।












Click it and Unblock the Notifications