Sector V Fire: ফের আগুন! দাউ দাউ করে জ্বলল সল্টলেক সেক্টর ফাইভের ছাপাখানা, তীব্র বিস্ফোরণ
Sector V fire: কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন। ফ্লেক্স প্রিন্টের ছাপাখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর চেষ্টা। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তীব্র শব্দে বিস্ফোরণও ঘটে কারখানার ভিতরে। চারিদিক ঢেকে যায় নিকষ কালো ধোঁয়ায়।
বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় এখনও রেশ কাটেনি। তার তিন দিনের মাথায় ফের বিধ্বংসী আগুন শহরে। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের পুলিশ কমিশনার। ফ্লেক্স নির্মাণে ব্যবহৃত কাঁচামাল প্রচুর পরিমাণে মজুত ছিল কারখানাটিতে। আগুনের লেলিহান শিখা দেখা যায় বাইরে থেকেই। বিস্ফোরণের জেরে প্রবল আতঙ্ক ছড়ায়। গল গল করে বেরোতে থাকে ধোঁয়া।

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পাশের নির্মীয়মাণ বহুতল থেকে কোনওমতে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরা। বেসরকারি ওই ছাপাখানায় ভেতরে কেউ আটকে নেই বলেই খবর। তবে প্রায় ১ ঘণ্টা হয়ে গেলেও আগুন নেভানো যায়নি। তবে দমকল কর্মীরা ভেতরে সোর্স পয়েন্টে ঢুকে গিয়েছেন বলে জানান দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন আর ছড়িয়ে পড়বে না বলেই জানান মন্ত্রী।
বেসরকারি ওই ছাপাখানায় জনা ৬০ কর্মী কাজ করেন বলে জানা গিয়েছে। সেক্টর ফাইভে টেকনোপলিসের কাছে অবস্থিত ওই কারখানা। ঘন ঘন বিস্ফোরণ ঘটতে থাকে। দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। বাকি ২টিকে প্রস্তুত রাখা হয়। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখবেন দমকল কর্মীরা। কারখানায় প্রচুর এসিও রয়েছে। সেখান থেকে কোনওভাবে বিস্ফোরণ ঘটেছিল কি না তাও খতিয়ে দেখা হবে। আশেপাশেই অফিস পাড়া একাধিক অফিস রয়েছে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১৪ জনের। বৃহস্পতিবার চিনার পার্কে রেঁস্তোরায় আগুন। বৃহস্পতিবারই লেকটাউনের দক্ষিণদাঁড়িতে আগুন লাগে। আর এবার শুক্রবার সেক্টর ফাইভে ছাপাখানায় আগুন। ৪ দিনে চার চারটি অগ্নিকাণ্ড শহর কলকাতায়। তবে কি প্রশাসনের নজরদারির অভাব? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications