Mamata Banerjee: "যথা সময়ে বেতন পাবেন শিক্ষকরা, সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি," ঘোষণা মমতার
Mamata Banerjee: ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট করে অযোগ্য চিহ্নিত না হওয়া শিক্ষকদের স্কুলে যেতে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে বড় স্বস্তি বলে উল্লেখ করলেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এটা বড় স্বস্তির খবর। ডিসেম্বর পর্যন্ত আমরা আপাতত সময় পেয়েছি। একটা স্বস্তি মানেই আরও স্বস্তি আসবে।"
চাকরিহারা শিক্ষকরা বেতনও পাবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "আমরা ভেবেছিলাম বেতন নিয়ে সমস্যা হবে। কী করে বেতন দেওয়া যায়, চিন্তা করছিলাম। বিকল্প পথও বলে দিয়েছিলাম। যথা সময়ে শিক্ষকরা মাইনে পাবেন। আমি বলেছিলাম, যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয় দেখব। সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। এ বছরের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।"

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, "মানুষের কাজে ভুল করি না। নিজের কাজে মাঝেমধ্যে ভুল করি। মাঝেমধ্যে ভুল হিন্দি বলে ফেলি। আমি তো এলিট ক্লাস থেকে আসিনি।" এদিন আদালতের নির্দেশ অনুযায়ী গ্রুপ ডি ও গ্রুপ সি চাকরিহারা শিক্ষাকর্মীদের চাকরি নিয়ে কোনও সুবিধা দেওয়া হয়নি। এপ্রসঙ্গে মমতা বলেন, "আইনটা ভালো করে দেখতে হবে। আইনি পথেই সমস্যার সমাধান হবে। আমাদের সব আইনজীবী দিল্লিতে। তারা ফিরলে আলোচনা করা হবে। আইনের প্রতি ভরসা রাখুন। তাড়াহুড়ো করে প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।"
প্রসঙ্গত, পড়ুয়াদের সমস্যার কথা ভেবে যাতে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত ও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে শনাক্ত না হওয়া চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে পারেন, এই মর্মে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাতেই ইতিবাচক সাড়া দিল শীর্ষ আদালত। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দেয় সর্বোচ্চ আদালত। কাজ করার সুযোগ পাবেন নির্দিষ্ট করে অযোগ্য চিহ্নিত না হওয়া শিক্ষকরা।
মেদিনীপুর সফরের কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক শুরু করেন মমতা। শালবনিতে আগামী ২১ এপ্রিল জিন্দলদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হবে বলে জানান তিনি। শালবনিতে ৮০০ মেগাওয়াটের ২টি তাপবিদ্যুৎ কেন্দ্র হবে। মমতা বলেন, "শিল্পে নতুন গন্তব্য এখন বাংলা। তাপবিদ্যুৎ কেন্দ্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। গড়বেতায় ২২ এপ্রিল সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করা হবে। আমরা ৬টি ইকনমিক করিডর করছি।"
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে শান্তি বজায় রাখার বার্তা মমতার। আগে আদালত কী বলছে, সেই দিকে নজর রাখার আবেদন মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদে প্রশাসন মানুষের আস্থা ফেরানোর কাজ করছে বলে জানান মমতা। সাংবাদিক বৈঠক থেকে ফের একবার অমিত শাহকে আক্রমণ করেন তিনি। মুর্শিদাবাদে যথা সময়ে তিনি যাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications