Mamata Banerjee: "১৪৪ নয়, ১২ বছর পরপরই হয় মহাকুম্ভ!" যোগী সরকারকে ফের বিঁধে বিশিষ্টদের মত জানতে চাইলেন মমতা
Mamata Banerjee: যোগী সরকারের অব্যবস্থার অভিযোগ তুলে মহাকুম্ভকে (Maha Kumbh) মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কুম্ভ নিয়ে ফের উত্তরপ্রদেশের সরকারকে (Uttar Pradesh Govt) বিঁধলেন মমতা। বললেন, এর আগে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে।
মহাকুম্ভ নিয়ে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার পর্যাপ্ত ব্যবস্থাপনা না সেরেই হাইপ তুলেছিল বলে অভিযোগ করেন মমতা। এদিন ফের মুখ্যমন্ত্রী বলেন, "আমি যতদূর জানি, ১৪৪ বছর পর পর মহাকুম্ভ হয় না। ২০১৪ তেও হয়েছে।"

মমতার দাবি, "গঙ্গাসাগর প্রতি বছর হয়, কিন্তু মহাকুম্ভ ১২ বছর পর পরই হয়। আমি একটু অজ্ঞ আছি এবিষয়ে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি অনুরোধ করব যে তারা একটু গবেষণা করে জানাবেন সঠিক তথ্যটা কী।"
মমতা বলেন, "যারা স্বজন হারালেন, তারা যেন অবিলম্বে ক্ষতিপূরণের টাকা পায়। অনেক পরিবার দুর্ঘটনায় মারা গিয়েছেন। রেল চড়তে গিয়ে মারা গিয়েছেন। তারাও যেন ক্ষতিপূরণ পান। ৪০০ লোককে নিমন্ত্রণ করলে ৫০০ লোকের ব্যবস্থা রাখতে হয়। আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছি। কিন্তু অনেকেই এটাকে বিকৃত করেছে। কুকথাও বলেছে। তা সম্পূর্ণ অসত্য ও মিথ্যে। কোনও ধর্মকে অসম্মান করিনি, করবও না।"
দীঘায় ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কুম্ভের ঘটনা বলে মমতা জানান, "আমি হাইপ করতে চাই না। আমার যতটুকু ক্ষমতা ততটুকু করব। যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন, আমার ফোঁসকা পড়বে না। তবে মুখ্যমন্ত্রী হিসেবে আমার অনুরোধ থাকবে, পরিবারগুলিকে ক্ষতিপূরণ অবিলম্বে দেওয়া হোক।"
এদিন উত্তরবঙ্গে চা বাগান নিয়েও অভিযোগ মমতার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "উত্তরবঙ্গে চা শিল্প নিয়ে মিথ্যে প্রচার হয়েছে। কিছু ভূতুড়ে দল মিথ্যে প্রচার করছে। চা বাগানের জমি আইন একই আছে।"
যে জমিতে চা চাষ হয় না, বা পড়ে আছে, সেখানে কমার্শিয়াল কাজ করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সেখানেই পর্যটন গড়া হবে। চা বলয়কে ঘিরে কর্মসংস্থান করাই লক্ষ্য। ৬টি ধুঁকতে থাকা চা বাগানকে ৩ বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে। একে একে ধাপে ধাপে ৩০ শতাংশ করে দেওয়া হবে।"












Click it and Unblock the Notifications