কং-আইএসএফকে নিয়ে জোটে জট রেখেই বামেদের দ্বিতীয় তালিকা! প্রার্থী হচ্ছেন মহঃ সেলিম
বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এদিন সিপিআইএম রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে ওই প্রার্থী তালিকা প্রকাশ করেন রামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই তালিকায় চমক হল মুর্শিদাবাদে প্রার্থী হচ্ছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।
বামেদের তরফে রানাঘাটে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অলোকেশ দাসকে। এছাড়া বর্ধমান দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং বোলপুরে শ্যামলী প্রধানকে প্রার্থী করা হয়েছে। শ্যামলী প্রধান নানুরের বিধায়ক ছিলেন। সুকৃতি ঘোষাল বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। এদিন বিমান বসু বলেছেন, প্রার্থী তালিকা নিয়ে আরও আলোচনা বাকি রয়েছে। তাই বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।

আইএসএফ আট আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় ক্ষুব্ধ সিপিআইএম। এব্যাপারে নৌশাদ সিদ্দিকির দলকে জানিয়েও দেওয়া হয়েছে। অন্যদিকে আইএসএফও ডায়মন্ডহারবারে নৌশাদ সিদ্দিকে প্রার্থী করা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বলেও জানা গিয়েছে। তবে সিপিআইএমের তরফে এব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে আইএসএফকে বলা হয়েছে।
পুরুলিয়া আসনে কংগ্রেস নেপাল মাহাতোকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কিন্তু সেখানে প্রার্থী দিতে চায় বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তারা এখনও নিজেদের জায়গায় অনড় রয়েছে। যদি শেষ পর্যন্ত ফরওয়ার্ড ব্লক তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে বামেদের তরফে ওই আসনে কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না বলে সূত্রের খবর।
উত্তর চব্বিশ পরগনার দুটি আসন ব্যারাকপুর ও বনগাঁ নিয়ে সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে আলোচনা হয়েছে। উভয়েই একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে বামফ্রন্টের তরফে আলিপুরদুয়ার নিয়ে ১৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মূলত তরুণ মুখের ওপরে ভরসা রাখা হয়েছে। এদিন পর্যন্ত বমেদের তরফে ২১ জনের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস আটজনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে আইএসএফকে নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা এদিনও করা হয়নি।












Click it and Unblock the Notifications