Brigade: "আগুন নিয়ে খেলবেন না নরেন্দ্র মোদী," হুঁশিয়ারি অনাদি সাহুর; চাকরি বাতিলে মমতাকে তোপ নিরাপদ-বন্যাদেরও
Left Brigade: রবিবাসরীয় ব্রিগেড সমাবেশের শুরুতেই বক্তব্য রেখে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন প্রবীণ বাম নেতা অনাদি সাহু। শ্রম কোড বাতিলের দাবিতে ২০ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। ব্রিগেডের মঞ্চ থেকে সেকথা আরও একবার মনে করিয়ে দিলেন সিটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু। শ্রম কর নিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি সিপিএম নেতার।
অনাদি সাহু বলেন, "মেহনতি শ্রমজীবী মানুষেরা আজ বিপন্ন। চা বাগান, চটকল, কয়লাখনি ও ইস্পাত কারখানার মানুষেরা আক্রান্ত। ১৪ বছর ধরে লুটের রাজত্ব চালাচ্ছে ফ্যাসিবাদী সরকার। স্থায়ী কাজে অস্থায়ী, চুক্তিভিত্তিক শ্রমিক নেওয়া হচ্ছে। এই পদ্ধতি শ্রম আইনকে ভেঙে দিচ্ছে। সব ক্ষেত্রে অস্থায়ী শ্রমিক। বাধ্য হয়ে শ্রমিকরা কম মজুরিতে কাজ করছেন। আর এরপরেও কেন্দ্রীয় সরকার শ্রম কর লাগু করতে চলেছে। নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না।"

অনাদি সাহু আরও বলেন, "২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। ৩২ হাজারের চাকরি ঝুলে রয়েছে। ছাত্র যুবরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যের অগ্রগতি বন্ধ হয়ে গিয়েছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গিয়েছে এই সরকারের নীতির কারণে।" বামেদের কৃষক নেতা অমল হালদারও কার্যত একই সুরে নিশানা করেন শাসকদলকে। ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে তিনি বলেন, "অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের চাকরির বলি দিয়েছেন মমতা।"
কৃষকদের হয়ে সুর চড়ান কৃষক নেতা। তাঁর কথায় কৃষকেরা আজ বিপন্ন। ফসলের দাম না পেয়ে তারা ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্য ভয়ঙ্কর অবস্থার দিকে চলে যাচ্ছে। রাজ্যে কৃষির হাল খুবই খারাপ বলে দাবি তাঁর। অমল হালদার বলেন, গোদের উপর বিষফোঁড়ার মতো ২৬ হাজার চাকরি চলে গেল। চালের দাম চড়চড় করে বাড়ছে। ভাত খেতে পাব তো? প্রশ্ন তাঁর। এই সরকার থাকলে দুর্ভিক্ষের মতো চিত্র দেখা যাবে বলে দাবি বাম কৃষক নেতার।
সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কেন্দ্রের কাছে ১০০ দিনের বদলে ২০০ দিনের কাজ দাবি করেন। তিনি বলেন, "মমতা চুরি করেছে, তাই মোদী টাকা দিচ্ছেন না। আমরা বলছি ১০০ নয়, ২০০ দিনের কাজ দিন। আইন আনুন। তিন মাসের বেশি ১০০ দিনের কাজ বন্ধ করা যায় না। মোদী সেটাই করছেন। রাজ্য আবার বলল তারাই ১০০ দিনের কাজ চালু করবে। কর্মশ্রীতে কোনও কাজের সুযোগ নেই। সংসদে বা বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আলোচনা হয় না।"
ছাব্বিশের নির্বাচনে মমতার সরকারকে উৎখাতের ডাক ক্ষেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সরাসরি আক্রমণ, "এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদি কী বলবেন বুঝতে পারছেন না। চপ বিক্রি করতে বলছেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন। যেখানে লক্ষ্মীদেরই সম্মান থাকে না, তাদের আবার ভাণ্ডার কী? মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। আমরাও খেলা করব। ছাব্বিশে উইকেট ফেলব।"












Click it and Unblock the Notifications