Kolkata Weather: আকাশে মেঘ নাকি রোদ ঝলমলে আবহাওয়া? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: আপাতত কলকাতার আবহাওয়া শুকনো। কোনও সময় আংশিক মেঘলা আকাশ তো কোনও সময় রোদ ঝলমলে পরিবেশ। এবার অন্তত বৃষ্টিহীন পুজো পেতে চলেছে বাঙালি। তবে নবমী ও দশমী নিয়ে একটু প্রশ্ন চিহ্ন রয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের রেখা গিয়েছে ফরবেশগঞ্জ এবং মালদহের ওপর দিয়ে। অন্যদিকে তা রয়েছে বিশাখাপত্তনম, নালগোন্ডা, রায়চুর, ভেনগারলার ওপর দিয়ে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১২-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৪-তে।
পশ্চিমী ঝঞ্ঝা একটি ঘূর্ণাবর্ত রূপে জম্মু ডিভিশন ও সংলগ্ন পাকিস্তানের ওপরে রয়েছে। এছাড়াও তার প্রভাব রয়েছে পঞ্জাবের ওপরে। আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখা রূপে। যা আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে নিচ্ছে।
অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উপকূল তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন দক্ষিণপূর্ব আরব সাগর এবং কেরলের ওপরে। যা থেকে ১৭ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে।












Click it and Unblock the Notifications