Kolkata: এবার আনন্দপুর! আগ্নেয়াস্ত্র-সহ STF-র জালে ২, অস্ত্রভাণ্ডার তৈরি হচ্ছে কলকাতায়?
Kolkata: খাস কলকাতায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। রবিবার আনন্দপুরে আগ্নেয়াস্ত্র-সহ ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতরা দুজনেই হুগলির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শিয়ালদহ, বড়বাজার, এজেসি বোস রোড, প্রগতি ময়দানের পর এবার আনন্দপুর। শহরে পরপর এত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন দুপুরে গোপন সূত্রে অস্ত্র সরবরাহের খবর পেয়ে আনন্দপুরের নোনাডাঙা সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। সেখানেই এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আজিজ মোল্লা। তার বয়স ৩৬। হুগলি জেলার পান্ডুয়ার কাজি মহল্লার বাসিন্দা সে। তার কাছ থেকে একটি ব্যাগে তল্লাশিতে ১০টি সিঙ্গল শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

আজিজের সঙ্গী ময়না মাজিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বয়স ৩২। পূর্ব বর্ধমানের কাটোয়ার কেতুগ্রামের বাসিন্দা ময়না। তাঁর কাছ তল্লাশি চালিয়েও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে চারটি সেভেন এমএম পিস্তল। সবকটিই বাজেয়াপ্ত করেছে এসটিএফ।
উদ্ধার হয়েছে টাকা ও ট্রেনের টিকিটও। ধৃতদের জেরা করে অস্ত্র চোরাচালান চক্রের বড় হদিশ মিলতে পারে বলে খবর। এদিকে শনিবারই প্রগতি ময়দান থানার পুলিশ মাঝরাতে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ২ জনকে গ্রেফতার করেছিল।
দুটি ৭ এমএম বন্দুক, দুটি ভর্তি এবং একটি খালি কার্তুজ উদ্ধার করে পুলিশ। তার ৪৮ ঘণ্টা না পেরোতেই এবার আনন্দপুরে অস্ত্র উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, আনন্দপুরের নোনাডাঙা থেকে যে রাস্তা বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে গিয়েছে, সেখান থেকেই এক মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ১৭ মার্চ শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই হাসান শেখ নামে যুবককে গ্রেফতার করা হয়। ৯ নভেম্বর বৈঠকখানা বাজারে আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার হন ঝাড়খণ্ডের বাসিন্দা।
২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের সামনে বন্দুক গুলি সহ পাকড়াও হয় উত্তরপ্রদেশের ৫ জন। ৮ ফেব্রুয়ারি বড়বাজার আগ্নেয়াস্ত্র সহ উত্তরপ্রদেশের এক বাসিন্দা গ্রেফতার করা হয়েছিল। গত মাসে এসটিএফের গোয়েন্দারা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঈশ্বরীপুর এলাকা থেকে ১৯০ রাউন্ড কার্তুজও উদ্ধার করেন।












Click it and Unblock the Notifications