Kolkata Metro: শনি-রবি বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো, শুক্র-সোমেও নিয়ন্ত্রণ; জুড়ছে বউবাজার স্টেশন
Kolkata Metro: সোমবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার মাঝে এবার ২ দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। ৮ মার্চ শনিবার ও ৯ মার্চ রবিবার পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর দুটি লাইনেরই পরিষেবা। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত আপ ও ডাউনে কোনও মেট্রো চলবে না।
অন্যদিকে ৭ মার্চ শুক্রবার ও ১০ মার্চ সোমবার আংশিকভাবে প্রভাব পড়বে মেট্রো পরিষেবায়। ওই ২ দিন প্রথম ও শেষ মেট্রোর সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার দেরিতে চালু হবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল জানিয়েছে, বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয় কাটিয়ে জুড়তে চলেছে শিয়ালদহ ও এসপ্ল্যানেড। ট্রায়াল রান সফল হলেও সিগন্যালিং সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি রয়েছে।

শুক্রবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো। শনি ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে মেট্রো। এমাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশ চালু করে দিতে চাইছে মেট্রো রেল। যার ফলে সরাসরি সেক্টর ফাইভ থেকে হাওড়া আসতে পারবেন যাত্রীরা। তবে সেই সুফল পেতে গেলে আগামী শনি ও রবিবার ভোগান্তি পোহাতে হতে পারে যাত্রীদের।
শুক্রবার সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে। অন্যান্য দিন যা ছাড়ে রাত ৯টা বেজে ৪০ মিনিটে। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের শেষ মেট্রো সেদিন ছাড়বে সন্ধে ৭টা বেজে ৩ মিনিটে। সাধারণত তা ছাড়ে রাত ৯টা ৩৫ মিনিটে। এদিকে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের মধ্যে শেষ মেট্রো সন্ধে ৭ টায় ছাড়বে। সাধারণত যা ছাড়ে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে।
সোমবারও সপ্তাহের প্রথম কাজের দিনে দেরিতে শুরু হবে মেট্রো চলাচল। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহমুখী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৫ মিনিটে। যা নিত্যদিন সকাল ৭টা ৫-এ ছাড়ে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়বে। যা অন্যান্য দিন সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের মধ্যে সকাল ৭ টার বদলে সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে।
এর আগে গত ২১ জানুয়ারি মঙ্গলবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) শিয়ালদহ ও এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে চাকা গড়ায়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের দিকে প্রথম সফল ট্রায়াল রান করে মেট্রো। শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মাঝে ২.৬৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মেট্রো। মাঝে রয়েছে শুধু বউবাজার স্টেশন। ট্রায়াল রানে সওয়ার ছিলেন মেট্রো রেলের জিএম পি উদয়ক কুমার রেড্ডি-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ট্রায়াল রান সফল হওয়ায় আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদেরও।
ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে ফের ইতিহাস গড়বে কলকাতা মেট্রো। কলকাতা তো বটেই শহরতলির প্রচুর মানুষ যারা নিত্যদিন লোকাল ট্রেনে হাওড়া বা শিয়ালদহ নেমে শহরের আনাচে কানাচে যান, তারা সকলে উপকৃত হবেন। সল্টলেক সেক্টর ফাইভে রয়েছে অধিকাংশ অফিস। সেক্ষেত্রে শহরতলি থেকে আসা কর্মীদেরও এবার সুবিধা হবে অফিস যেতে।












Click it and Unblock the Notifications