Baguiati: নর্দমার পাশে কালো ট্রলিব্যাগ খুলতেই চোখ কপালে! বাগুইআটিতে মুখে সেলোটেপ বাঁধা মহিলার দেহ উদ্ধার
Kolkata: খাস কলকাতায় ফের হাড়হিম ঘটনা। ২ মাসের ব্যবধানে ফের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হল শহরে। কুমারটুলির পর এবার ঘটনাস্থল বাগুইআটি। নর্দমার পাশ থেকে একটি ট্রলি ব্যাগে উদ্ধার হল মহিলার দেহ। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়ায় বাগুইআটির প্রতিবেশী পাড়ায়। অন্যত্র খুন করে দেহ ফেলে রাখা হয়েছে বলে অনুমান পুলিশের।
এদিন সকাল ৮টা নাগাদ ঘটনা চাউড় হয়। বাগুইআটি থানার ঢিল ছোড়া দূরত্বে সুটকেসের মধ্যে দেহ উদ্ধার হয়। প্রথমে এক সংবাদপত্র বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে পড়ে থাকা একটি সুটকেস দেখতে পান। আশেপাশের লোকজন জড়ো হওয়ার পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে সুটকেসটি খুলতেই চক্ষু চড়কগাছ হয়। ভেতরে মুখে সেলোটেপ লাগানো একটি দেহ রয়েছে বলে দেখা যায়। অল্প খুলেই ট্রলিব্যাগটি বন্ধ করে দেয় পুলিশ। অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ গুটিয়ে থাকা অবস্থায় ছিল সেখানে।

মহিলার বয়স আনুমানিক ৩৪ বলে দাবি পুলিশের। তবে মৃত এলাকার বাসিন্দা নন বলে দাবি পুলিশের। তার কারণ হিসেবে সাদা পোশাকের তদন্তকারীরা জানান, এলাকার কেউ চিনতে পারছেন না ওই মহিলাকে। তাই অন্যত্র খুন করে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে দাবি পুলিশের। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অনুমান। দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় দেহ।
ইতিমধ্যেই এনিয়ে বাগুইআটি থানা তদন্ত শুরু করেছে। সাদা পোশাকের তদন্তকারী অফিসাররা এলাকায় খোঁজখবর নিচ্ছেন। বাগুইআটি থানার আইসি অমিত মিত্র স্বয়ং ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন তিনি। বিভিন্ন বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা কাজ শুরু হয়েছে। কে বা কারা দেহ ফেলে গেল তা খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজে। আরজি কর হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মহিলার মৃত্যুর কারণ কীভাবে হয়েছে সেসম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।
চলতি বছরের ফেব্রুয়ারিতেই পিসিশাশুড়িকে খুন করে মা মেয়ে ট্রলি বন্দি করে দেহ কুমোরটলি ঘাটে গঙ্গায় ফেলতে আসে। ট্যাক্সি থামতেই ট্রলি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। মা মেয়েকে ঘিরে ফেলেন তারা। ট্রলি খোলার দাবি তোলেন। ট্রলি খুলতেই দেখা যায় মহিলার দেহ। পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। ফাল্গুনী ও আরতি ঘোষ নামে ২ জনকে গ্রেফতার করা হয়। বাগুইআটিতে তেমনই ঘটনার পুনরাবৃত্তি হল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications