কলকাতা বইমেলা শুরু জানুয়ারিতেই, উদ্বোধনে মুখ্যমন্ত্রী, থিম কান্ট্রি মেসির দেশ
কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের ২২ জানুয়ারি। চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত। আজ এ কথা জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।
সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কেই বসবে বইমেলার আসর। থিম কান্ট্রি আর্জেন্তিনা।

বইমেলার আয়োজকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, "আমরা বিশ্বাস করি, বইমেলার থিম কান্ট্রি হিসেবে আর্জেন্তিনার অংশগ্রহণ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করবে।" এদিনের সাংবাদিক বৈঠকে আর্জেন্তিনার দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ত্রিদিব চট্টোপাধ্যায় আরও জানান, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং স্পেন-সহ অনেক দেশ অংশ নেবে। এ ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিও থাকবে।
২০২৫ সালের বইমেলায় প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী এসেছিলেন এবং প্রায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। গিল্ডের সভাপতি সুধাংশু দে বলেছেন, ২০২৭ সালে বইমেলা তার সুবর্ণ জয়ন্তী বছর পালন করবে। এই উপলক্ষে অতীতে যাঁরা এই বাৎসরিক অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করেছেন, তাঁদের কাজ প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
সুধাংশু দে আরও বলেন, "সেরা ১০টি ছবিকে পুরস্কৃতও করা হবে।" বইমেলার পাশাপাশি একই স্থানে ২৪ ও ২৫ জানুয়ারি দু'দিনের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।












Click it and Unblock the Notifications