নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়ায় মুখ্যসচিবের ভূমিকা! ক্ষোভপ্রকাশ বিচারপতির
নিয়োগ দুর্নীতির বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে ফের রাজ্যের মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচী। গত ২২ মার্চ মুখ্যসচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই-এর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল। সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে, জানতে চেয়ে রিপোর্ট তলব করে আদালত। ২৬ শে মার্চ ইডির তরফ থেকে আদালতের নির্দেশ সম্পর্কে মুখ্যসচিবকে অবগত করা হয়।

কিন্তু বুধবার শুনানির সময় পর্যন্ত কোনও রিপোর্ট পেশ করা হয়নি। দুপুর ২ টোর সময় মামলার শুনানি। বিচারপতি বাগচী সরকারি কৌঁসুলিকে সেই সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশের পরেও যদি মুখ্যসচিব কোনও পদক্ষেপ না করেন, তাহলে আদালত কেন তাঁকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেবে না, প্রশ্ন করেছেন বিচারপতি।
উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। কিন্তু রাজ্য সরকার অনুমোদন না দেওয়ায় চার্জ গঠন করা যাচ্ছে না বলে অভিযোগ। এক্ষেত্রে রাজ্য সরকার কেন এই অনুমোদন প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে, তা নিয়ে প্রশ্ন করেছেন হাইকোর্ট।
শুনানির সময় রাজ্যের আইনজীবী বলেছিলেন, মুখ্যসচিব ভোট প্রস্তুতিতে ব্যস্ত, তাই আরও সময় দেওয়া হোক। কিন্তু হাইকোর্ট এব্যাপারে সময় দিতে রাজি হয়নি।তবে এবারই নয়, এর আগেও কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কাছে জবাব তলব করেছে। সেখানেও রাজ্যের তরফে জবাব পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications