RG Kar Hospital: মহাষষ্ঠীর দিনে মণ্ডপে মণ্ডপে 'অভয়া পরিক্রমা', দেশ জুড়ে প্রতীকী অনশনে চিকিৎসকরা
প্রতিবাদের আবহেই শুরু হল দুর্গাপুজো। উৎসবে সামিল হবেন না জুনিয়র ডাক্তাররা। দুর্গাপুজোর একাধিক মণ্ডপে রয়েছে আরজি কর কাণ্ডের ছোঁয়া। নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন সকলেই। জুনিয়র ডাক্তাররা প্রতিবাদের ময়দান ছাড়তে নারাজ।
বুধবার মহাষষ্ঠী। সেদিন দেবীর বোধন। মণ্ডপে মণ্ডপে মায়ের আগমন ঘটবে সেদিন। আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হবে। আর সেই দিনেই শহরের উত্তর থেকে দক্ষিণে অভয়া পরিক্রমা করবেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। অভয়ার প্রতীকী মূর্তি নিয়ে তাঁরা প্রতিবাদে সামিল হবেন।

গোটা রাজ্যে যখন শরদোৎসব শুরু হয়ে গিয়েছে ঠিক তখনই ধর্মতলায় অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল তাঁদের সমর্থনে আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। বুধবার আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গোটা দেশে চিকিৎসকরা এক দিনের প্রতীকী অনশন করবেন।
দিল্লিতে ইতিমধ্যেই কালো রিবন হাতে বেঁধে প্রতীকী অনশন শুরু করে দিয়েছেন চিকিৎসকরা। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাঁরা এই প্রতীকী অনশন করবেন বলে জানিয়েছেন। সারাদিন নির্জলা উপবাস রেখে প্রতিবাদে সামিল হয়েছেন দিল্লির চিকিৎসকরা। অন্যদিকে রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনও আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ধর্মতলার অনশন মঞ্চে প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা।
গতকালই অভয়া পরিক্রমা কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে উৎসবের আবহে বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চান। সেকারণে তাঁরা এই কর্মসূচি করছেন বলে জানিয়েছেন। নির্যাতিতা চিকিৎসকের দোষীরা যাতে শাস্তি পায় তার দাবি নিয়েই আজ উৎসবে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপ গুলিতে ঘুরবেন তাঁরা।
ইতিমধ্যেই নাগরিক সমাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ইমেল করা হয়েছে। যাতে তিনি চিকিৎসকদের দাবি যুক্তি দিয়ে আলোচনা করেন এবং বোঝেন। ১০ দফা দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিকে আরজি কর হাসপাতালের পরে এবার কলকাতা মে়ডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা গণ ইস্তফা দিলেন।












Click it and Unblock the Notifications