Doctors Hunger Strike: সোমবার পর্যন্ত ডেডলাইন, রাজ্য সরকারকে সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা
অসংবেদনশীল সরকার। আর অপেক্ষা নয়। এবার দাবি পূরণে রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সোমবারের মধ্যে দাবি না মানা হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
শুক্রবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা। ঘণ্টা খানেক পর বৈঠক থেকে বেরিয়ে এসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার সাংবাদিক বৈঠক করে বলেন, সোমবার পর্যন্ত তাঁদের দাবি মানার জন্য রাজ্য সরকারকে সময় দেবেন তাঁরা। সোমবারের মধ্যে তাঁদের দাবি না মানা হলে বড় আন্দোলনে নামবেন। এবার একেবারে সর্বাত্মক ধর্মঘটে তাঁরা নামবেন বলে জানিয়েছেন। অর্থাৎ মঙ্গলবার থেকে স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের অনশন ১৪ দিন হয়ে গিয়েছে। অনশনের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একাধিক আন্দোলনকারী। তারপরেও সরকার তাঁদের দাবি পূরণ করছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার দুপুরে অনশনকারীরা সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, নিষ্ঠুর আচরণ করছেন মুখ্যমন্ত্রী। একবারের জন্যও অনশনমঞ্চে এসে দেখা করার প্রয়োজন মনে করেননি মুখ্যমন্ত্রী। কেন তাঁদের ১০টি দাবি মানা যাচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
আর জি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রকৃত দোষীরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এমনকী আন্দোলনকারীদের অভিযোগ ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাট করা হয়েছে। সেকারণে তাঁরা সিবিআই তদন্তে সন্দেহ প্রকাশ করে রাজ্যপালের কাছে ডেপুটেশনও জমা দিয়েছে।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন আরজি কর কাণ্ডের পরে ১০ দফা দাবি তারা রেখেছিলেন রাজ্য সরকারের কাছে। কিন্তু রাজ্য সরকার তা মানতে চাইছেন না। একাধিক দফায় আলোচনা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ১০ দফা দাবি মানার কোনও ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।
এবার সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘট হবে। সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন মিলিতভাবে ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন। কেবল ধর্মঘট নয় লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।












Click it and Unblock the Notifications