Jadavpur University: দর্শনে সেরা যাদবপুর, সর্বশ্রেষ্ঠ JNU; বিশ্বমানের ব়্যাঙ্কিংয়ে ঠাঁই খড়গপুর IIT-রও
Jadavpur University: যে যাদবপুর নিয়ে এত বিতর্ক, সেই যাদবপুরই ফের রাজ্যকে সেরার শিরোপা এনে দিল। কিছুদিন আগেই কেন্দ্রের উৎকর্ষ শিক্ষাকেন্দ্র বা ইনস্টিটিউট অফ এমিনেন্সের তালিকা থেকে বাদ পড়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এবার বিষয়ভিত্তিক ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করল যাদবপুর। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ে দর্শন বিভাগে সেরার তকমা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
দর্শন (Philosophy) বিভাগে সেরার স্থান পেয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ও। যৌথভাবে সেই স্বীকৃতি পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। তবে শুধু যাদবপুরই নয়, রাজ্যের গৌরব বৃদ্ধি করেছে আরও এক অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে নাম তুলেছে খড়গপুর আইআইটিও (IIT Kharagpur)। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে কৃষি ও বনায়ন বিভাগে সেরার স্বীকৃতি অর্জন করেছে আইআইটি খড়গপুর।

ব়্যাঙ্কিংয়ে নজর কেড়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও (Jawaharlal Nehru University)। ভারতের সবচেয়ে নামী ও ভালো বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ওরফে জেএনইউ (JNU)। ইংরেজি সাহিত্য, ভাষাশাস্ত্র, নৃতত্ত্ববিদ্যা, ইতিহাস, ডেভেলপমেন্টাল স্টাডিজ, সমাজবিদ্যা ও ভূগোলে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ৬৯টি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর তালিকায় প্রথম সারিতে থাকলেও ভারতের সিংহভাগ বিশ্ববিদ্যালয়ই তালিকায় ঠাঁই পায়নি। সমীক্ষা সূত্রে দাবি করা হয়েছে, ভারতের ৭২ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মান আগের থেকে উন্নত হয়েছে। আবার বেশকিছু ক্ষেত্রে শিক্ষার মান পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, সংঘর্ষ ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে খবরের শিরোনামে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রাত্য বসুর গাড়িতে হামলা ও শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ুয়ার চাপা পড়ার অভিযোগে উত্তপ্ত হয়েছিল যাদবপুর। এরই মাঝে কেন্দ্রের উৎকর্ষ কেন্দ্রের তালিকা থেকে বাদ পড়ে যাদবপুর। সেনিয়ে রাজনৈতিক জলঘোলাও হয়েছে। তবে এরই মাঝে দর্শন বিভাগে সেরার স্বীকৃতি বাড়তি অক্সিজেন এনে দিল যাদবপুরকে।












Click it and Unblock the Notifications