Jadavpur University: "জ্ঞানেশ্বরীর সময় মাওবাদীরা ভাল ছিল, দরদ উথলে পড়েছে," যাদবপুর নিয়ে TMC-কে নিশানা সৃজনের
Jadavpur University: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের চাপা পড়া নিয়েই আরও জোরালো হয়েছে প্রতিবাদ প্রতিরোধ। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিকে দিকে বিক্ষোভ চালাচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। যদিও গাড়ি চাপা পড়ার ঘটনা উড়িয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এদিন পাল্টা সাংবাদিক বৈঠক করে ভিডিয়ো দেখিয়ে অভিযোগের সাপেক্ষে প্রমাণ খাঁড়া করল এসএফআই।
সাংবাদিক বৈঠকে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharya) দাবি, বহিরাগতদের নিয়ে বাঁদরামি করতে ঢুকেছিল তৃণমূল। দেবাংশুর পোস্ট দেখিয়ে পাল্টা অন্য দাবি এসএফআইয়ের। শিক্ষামন্ত্রীর গাড়ির বনেট থেকে পড়ে নয়, স্কুটারে হোঁচট খেয়ে আহত হয়েছিলেন যাদবপুরের পড়ুয়া, দাবি দেবাংশুর পোস্টে। সেই দাবি নস্যাৎ করে ফ্রেম ফ্রেম ধরে ভিডিও দেখালেন সৃজনরা।

তৃণমূলের পোস্ট করা ভিডিও ও এসএফআইয়ের ভিডিও, দুটি একসঙ্গে দেখিয়ে ফারাক বোঝান সৃজনরা। এসএফআইয়ের দাবি তাঁদের ভিডিও সত্যি। ঠিক কীভাবে ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়েছিল, তা লাল দাগ দিয়ে দেখিয়ে দেয় এসএফআই। সৃজনের দাবি, ইন্দ্রানুজকে একটি মেয়ে ধরে নিয়ে যাচ্ছিলেন, সেই মেয়েটি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এফআইআর করার জন্য বললেন সৃজন।
সৃজনের দাবি, "ব্রাত্য বসু অসত্য কথা বলেছেন। তিনি কখনই বিকাশ ভবনে দেখা করেননি এসএফআইয়ের সঙ্গে।" নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ শানিয়ে সৃজন বলেন, "তৃণমূলের এক আইআইটি বাবা আছেন। তাঁর নাম মুখে আনতে অভিরুচি হয় না। তিনি কোথা থেকে একটা এক্স রে রিপোর্ট হাজির করলেন। আহতরা যা পেলেন না।"
সৃজন আরও বলেন, "কেন ছাত্র ভোট হচ্ছে না। তার জবাব নেই। ছাত্র ভোট নেই, তাই কু-প্রস্তাব, দুর্নীতি হচ্ছে। যিনি প্রিজন ভ্যান বাজান, তিনি বুদ্ধবাবুর পক্ষ নিয়ে ফেলেছেন। এই ছেলেটি এসএফআই বিরোধী, তাও কোনও দিন এসএফআই গায়ে হাত দেয়নি। জ্ঞানেশ্বরীর সময় মাওবাদীরা ভাল ছিল। আর এখন দরদ উথলে পড়েছে। আমরা বাচ্চাটির কথাকে ধরি না। এখানে একা অভিনব নয়। সামগ্রিক ভাবে ছাত্র ভোটের দাবি। আমাদের কাছে রাসেল, অভিনব, ইন্দ্রানুজ প্রত্যেকে প্রতীক।"












Click it and Unblock the Notifications