আরও বাড়বে গরম! ফের কলকাতার পারদ ছোঁবে ৪০ ডিগ্রিতে?
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও হাঁসফাঁস অবস্থা। সকাল থেকে বিকেল পেরিয়ে রাত। দরদর করে ঘামছে সাধারণ মানুষ। আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমাগত বাড়ছে মহানগর সহ অন্যান্য জেলায়। বর্ষা উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে। দক্ষিণবঙ্গে তার এখনও দেখা নেই। তবে জৈষ্ঠ মাসের শেষ বেলায় ফিরে এল সেই প্রাণান্তকর গরম।
গত দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া মেদিনীপুর জেলাতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পেরিয়ে গেল। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেন্টিগ্রেড।

আরও অস্বস্তিতে ফেলেছে আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য। কারণ, বৃষ্টি আজকালের মধ্যে হবে না। তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। এই সম্ভাবনা থাকছে। একসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার কথা বলা হচ্ছে। তাহলে কি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে? সেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বেলা বাড়তেই প্রবল অস্বস্তি দেখা যাচ্ছে পথে-ঘাটে বেরনো সাধারণ মানুষের।
আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ঝড়বৃষ্টি হয়েছিল। তার ফলে সাময়িক স্বস্তি পাওয়া যায় সন্ধ্যার পরে। কিন্তু শুক্রবার সকাল থেকেই সেই জ্বালা ধরানো অস্বস্তি ফিরে এসেছে।
বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে তার প্রভাব কলকাতা ও আশেপাশে এসে পৌঁছবে না। কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে? এখন চাতকের মতো এই অপেক্ষা করছেন সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications