ভুয়ো ইডি অফিসার পরিচয়ে বিয়ের সম্বন্ধ? সিজিও কমপ্লেক্সের বাইরে হইচই
সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে মঙ্গলবার দুপুরে উত্তেজনা। এক যুবককে ঘিরে ধরে হইচই৷ অভিযোগ, ওই ব্যক্তি ভুয়ো ইডি আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন বিয়ের দেখাশোনার সময়। আগামী কাল সেই বিয়ে। এদিকে গতকাল মেয়ের পরিবার জানতে পারে, এই আধিকারিক আসলে ভুয়ো!
চাঞ্চল্যকর এই ঘটনায় ইডি অফিসের বাইরে উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সাহা। তিনি সোনারপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷ বিরাটির এক তরুণীর সঙ্গে আলাপ হয় তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পরিচয় এগোতে তরুণী বিয়ের প্রস্তাব পান।

প্রদীপ নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন। দুজনের বিয়ের পাকা কথা হয়। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায়। একসময় পাত্রীর পরিবারের লোকজনের সন্দেহ হয়৷ তারা ইডি অফিসে গতকাল সোমবার এসেছিলেন। জানতে পারেন, এই নামে কেউ সেখানে চাকরি করেন না।
মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। কারণ, ৩১ জানুয়ারি তাদের বিয়ে। বিয়ের প্রস্তুতির সব কিছু তৈরি। এরপর আজ মঙ্গলবার প্রদীপকে মেয়ের বাড়ির লোকজন, আত্মীয়রা ইডি অফিসের সামনে নিয়ে যান। তার হাত মোটা দড়ি দিঁয়ে বাঁধা ছিল। ওই যুবক পালাতে চেষ্টা করেছিল৷ তাই হাত বাঁধা হয়েছিল। এমনই দাবি মেয়ের পরিবারের।
যদিও যুবককে মারধরের অভিযোগ উঠেছে ওই লোকজনদের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগ মানতে চায়নি পরিবারের সদস্যরা। প্রদীপ টাকাপয়সা আগে চেয়েছিল। এমন কথাও শোনা গিয়েছে৷ ইডি দফতরের বাইরে রাস্তায় রীতিমতো উত্তেজিত পরিস্থিতি ছড়ায়।
ওই যুবকের গলায় একটি পরিচয়পত্র ঝোলানো ছিল। সেখানে তার ছবি রয়েছে। আছে ইডির লোগো। কার্ডের ভ্যালিডিটি পিরিয়ড, স্ট্যাম্প, কর্তৃপক্ষের সইও রয়েছে। তিনি ইডির সেকেন্ড লেভেল অফিসার ইনচার্জ পদে কর্মরত। তেমনই কার্ডে ছাপানো আছে। যদিও সেই পরিচয়পত্রের সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। বিয়ের নামে লোক ঠকানোর কারবার ওই যুবক করে। এমনই অভিযোগ মেয়ের পরিবারের৷
যদিও ওই যুবক এইসব অভিযোগ মানতে চাননি। তাকে মেয়ের বাড়ির লোকজন মারধর করেছে। এমন অভিযোগ তিনি করেন। কিন্তু ওই কার্ড তার কাছে কীভাবে এল? প্রশ্ন করেন সাংবাদিকরা। অভিযুক্ত জানান, মেয়ের বাড়ির লোকজন ওই কার্ড গলায় ঝুলিয়ে দিয়েছে।
পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল। ইডি অফিসের ভিতর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেরিয়ে আসতে থাকেন। একসময় পরিবারের লোকজন অভিযুক্তকে সেখান থেকে নিয়ে চলে যান।












Click it and Unblock the Notifications