লিপস অ্যান্ড বাউন্ডসের আটটি সম্পত্তিকে যুক্ত করেছে ইডি, হাইকোর্টে রিপোর্ট
মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা এই সংস্থায় গিয়েছিল। সংস্থার আটটি সম্পত্তিকে তদন্তে যুক্ত করা হয়েছে। ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনই কথা জানিয়েছে ইডি। তাহলে কি এবার বিপাকে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিকের মামলার শুনানি ছিল মঙ্গলবার। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের তরফ থেকেই মুখবন্ধ খামে বিচারপতির কাছে তথ্য পেশ করা হয়। ইডি যে তথ্য দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার হয়েছে। আটটি সম্পত্তির দিকে নজর রাখা হয়েছে। মামলায় ওই আটটি সম্পত্তিকে যুক্ত করা হয়েছে। সেগুলির বাজারমূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা। বিচারপতি অমৃতা সিনহা এর আগে তদন্তকারীদের রীতিমতো ভর্ৎসনা করেছিলেন। তদন্ত কোন পথে এগোচ্ছে তার রিপোর্ট সম্পূর্ণভাবে দিতে হবে। এই দাবি করেছিলেন বিচারপতি।
ইডি ও সিবিআই পৃথকভাবে মঙ্গলবার রিপোর্ট পেশ করেছে। বিচারপতি খাম খুলে প্রথম দিকের কিছুটা অংশ পড়েছেন বলে খবর। ২০২৩ সালের মধ্যে এই তদন্ত শেষ করতে আদালত নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। এদিন ইডি আদালতে জানিয়েছে, একাধিক নতুন তথ্য হাতে এসেছে। তাই তদন্ত শেষ করা সম্ভব হয়নি। বিচারপতি অমৃতা সিনহা আগামী কাল বুধবার ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন।
লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। এই সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিষেকের মা-বাবা ও স্ত্রী এই সংস্থা ডিরেক্টর পদে যুক্ত ছিলেন বলে খবর। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ডিরেক্টর পদে ছিলেন এই সংস্থার। তাকে গ্রেফতার করা হয়। এই সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? এই সংস্থায় কী ধরনের কাজ হয়? কারা কাজ করেন? টাকার সংস্থান কীভাবে হয়? বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার ইডি সেই সংস্থার আটটি সম্পত্তিকে মামলার সঙ্গে যুক্ত করল।












Click it and Unblock the Notifications